কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে তার বক্তব্যকে কেন্দ্র করে নানা সমালোচনা দেখা দেয়। তবে এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই।
ভাইরাল ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় এলে এবং ভোটাররা অন্য দলে ভোট দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথাও তিনি বলেন। বক্তব্যের ভাষা ও উপস্থাপনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও প্রকাশ করে মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইচ্ছাকৃতভাবে কেটে বিকৃত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বক্তব্যটি তিনি নিজ এলাকায় নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত ক্ষোভ ও আবেগ থেকে প্রকাশ করেছিলেন, যা রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
ফেসবুকে দেওয়া ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে তাকে জড়িয়ে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জনগণ সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে সক্ষম এবং সে কারণেই সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করেছেন।
এদিকে বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া বক্তব্য দলের অবস্থান নয় এবং এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম।