Image description
 

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল।

 

মঙ্গলবার সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আসে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা ‘থ্রেড’ আছে কি না, সে বিষয়ে জানতে চায়।

 

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হয়ার তাগিদ দেন তিনি।

নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়।

 

এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

জুবায়ের আরও জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও কয়েকটি বিদেশি পর্যবেক্ষক দল জামায়াত কার্যালয়ে আসবে।