দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। যান চলাচলেও নিয়ম বেঁধে দিয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই। সরকারও ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যে আমেজ লেগেছে তারকাদের মধ্যেও।
ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, আসসালামু আলাইকুম। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৯টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি। আমাদের ভোটকেন্দ্র, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (দক্ষিণ পাশের ভবন), প্লট : ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
তিনি আরও লেখেন, সবাই দোয়া করবেন যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে।দেশের সব মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।