মানিকগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা তিনজনই সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।
পদত্যাগকারীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ মুনছের আলী এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন।
লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় মানিকগঞ্জ প্রেস ক্লাবে বেতিলা-মিতরা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ মুনজুর আলী, মো. জাকির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।