Image description

আল্লাহ তাকদিরে রাখলে ছাত্রদলের মিছিলের প্রথম লাইনেই নেতৃত্ব দেবেন বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়ার পর এক ফেসবুক পোস্টে এমন কথা লিখেছেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সংশোধন করেন হামিম।

রাত ১১টা ৫৬ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আল্লাহর রহমত থাকলে,পৃথিবীর কেউ ঠ‍্যাকাইতে পারেনা…। স্কুলে ছাত্রদলের প্রথম লাইনে, কলেজেও ছাত্রদলের প্রথম লাইনে, আল্লাহর রহমত থাকলে, আল্লাহ তাকদীরে রাখলে সাংগঠনিকভাবে এ সময়েও ছাত্রদলের মিছিলের প্রথম লাইনেই নেতৃত্ব দিব ইনশাল্লাহ (যদিও ২৮শে অক্টোবরের পর অনেক অবরোধ-হরতালে প্রথম লাইনেই নেতৃত্ব দিয়েছিলাম)।

তবে রাত ১২টা ১৮ মিনিটে পোস্টে সংশোধন করে ‘আল্লাহর রহমত থাকলে,পৃথিবীর কেউ ঠ‍্যাকাইতে পারেনা…’ ছাড়া বাকি অংশ ফেলে দেন হামিম।

এর আগে তানভীর বারী হামিমকে শোকজ নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এই নোটিশ পাঠান। শোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন। তবে তানভীর বারী হামিম কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা নোটিশে উল্লেখ নেই।