জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ভোট ডাকাতি, ভোট চুরি বা অবৈধ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে ঘরে না ফেরা পর্যন্ত এই পাহারা দিতে হবে। ঘরে ফিরে আগে দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায়েরও আহ্বান জানান তিনি।
জামায়াত আমির হুঁশিয়ার করে বলেন, ‘ভোট ছিনতাই ও দুঃশাসন ফিরিয়ে আনার কোনো দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। তিনি বলেন, ঢাকা-১৩ একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে কিছু অসৎ ব্যক্তি মাদক, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি চালিয়ে আসছে। যারা এই অস্ত্রবাজি, ধাপ্পাবাজি করছে, তাদের হাত থেকে এলাকাবাসীকে বাঁচিয়ে তুলব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, আমরা কোন ব্যক্তি, পরিবার বা দলের পক্ষে নির্বাচনে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের পক্ষে নেমেছি। জনগণ জুলাইয়ের পক্ষের লোকদের বিজয় দেখতে চায়।
জামায়াত আমির সতর্ক করে আরও বলেন, ‘সরকারের কিছু অসৎ লোক-আমলা-সচিব দলবাজি করছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের জিতিয়ে আনতে চেষ্টা করছেন। জাতি আপনাদের বারবার ক্ষমা করবে না। আবার কেউ ফ্যাসিবাদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হলে জুলাইয়ের ন্যায় তা রুখে দেবে। ইনশাআল্লাহ, দুর্নীতিমুক্ত ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।’
জনসভায় ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জনসভায় মামুনুল হকের হাতে রিকশা প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির।
শীর্ষনিউজ