Image description

বিএনপি ক্ষমতায় এলে বিনা মূল্যে শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা–বিষয়ক এক আলোচনা ও চা–চক্রে তিনি এসব কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস ও নিকেতনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের কার্যকর অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ভূমিকা রাখতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন পূর্ণতা পায় না।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় অনেক মা অকালে প্রাণ হারান। বিএনপির পরিকল্পনায় রয়েছে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্মদানের ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে জুবাইদা রহমান বলেন, কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হয়রানির মুখে পড়েন। অনেক নারী নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। বিশেষ করে গার্মেন্টস খাতের হাজারো নারী কর্মীর রাতের চলাচলও নিরাপদ নয়।

সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে–কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারেন।

বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গ টেনে জুবাইদা রহমান বলেন, একটি বয়োবৃদ্ধ মাকে শিকল দিয়ে বেঁধে বৃদ্ধাশ্রমের গেটে ফেলে যাওয়ার ঘটনাটি আজও মনে পড়ে। তিনি বলেন, সেইসব মায়েদের জানাতে চাই—পিতা–মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। উদ্যোক্তা নারীদের আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা হবে। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।

আলোচনা সভায় বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জবাবে জুবাইদা রহমান বলেন, এসব সমস্যার সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সমাধান বিএনপির ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।