ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভোটকেন্দ্রে থাকব। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটাধিকার কেউই হরণ করতে পারবে না ইনশাল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারির পর আমরা একটি নতুন বাংলাদেশ পাব। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এই নির্বাচন-এটা ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটপ্রার্থী নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের হাজারো ভাইবোনের আত্মত্যাগ, শহীদ পরিবারের আকৃতি, আহত যোদ্ধাদের বেদনা-এসব কিছু মাথায় রেখেই আমরা যেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবাই মিলে অংশগ্রহণ করি। আপনারা আমাদের ভোট দেবেন, আমরা আপনাদের জন্য কাজ করব ইনশাল্লাহ। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব।
তিনি বলেন, আমরা চাই পরিবর্তনের রাজনীতি, সংস্কারের রাজনীতি। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং আধিপত্যবাদমুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। সে উদ্দেশ্যে আমরা ১১টি দল এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের এনসিপির 'শাপলা কলি' মার্কায় ৩০ প্রার্থী সারা দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনারা তরুণ প্রজন্মকে সুযোগ দিন, পরিবর্তনের রাজনীতিকে সুযোগ দিন।
