বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এ আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
ডা. শফিকুর রহমান বার্তায় উল্লেখ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করা জরুরি যে রাজনীতি সৌজন্যমূলক ও সংঘাতহীন হতে পারে। তিনি বলেন, “আসুন, আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।”
জামায়াত আমির আরও বলেন, “যেহেতু আপনি আপনার পরিকল্পনা পেশ করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে দেব।”
তিনি বলেন, “আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করব।” পাশাপাশি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল বৈধতা অর্জিত হয় বলে উল্লেখ করেন। স্বচ্ছতা ও জনমানুষের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না বলেও তিনি বলেন।