Image description
 

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে, টাঙ্গাইল এবং রাজশাহীর দুটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বর নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পল্লবী, মিরপুর–এর নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ করা হয়েছে। বাসাইল ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ নামে পরিচিত হবে। এ ছাড়া, সালেহা-ইমারত ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া কলেজ। অন্যদিকে ফুলগাজী মহিলা কলেজ, ফেনী–এর নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।

সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

শীর্ষনিউজ