কুষ্টিয়ার-১ (দৌলতপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেনের সমর্থকদের প্রচার কাজে বাধা ও অকথ্য গালাগালির অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পূর্ব বাহিরমাদি এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে স্থানীয় এক যুবদল নেতার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। জামায়াতের পক্ষ থেকে এ ব্যাপারে তিন বিএনপি সমর্থকের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন পূর্ব ফিলিপনগর এলাকার জামায়াতকর্মী খাজা আহমেদ। এতে অভিযোগ করা হয়েছে, জামায়াতের মহিলা বিভাগের কয়েকজন কর্মী সকালে ওই এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচার কাজে যান। এ সময় স্থানীয় বিএনপি সমর্থক লিটন, নরশেদ ও বিপুলসহ বেশ কয়েকজন তাদের পথ আটকে অকথ্য ভাষায় গালাগালি করেন। তারা ওই মহিলা কর্মীদের প্রচার কাজে বাধা দেন। অভিযুক্তরা সে সময় নিজেদের কুষ্টিয়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর লোক বলে নিজেদের পরিচয় দেন। অন্যদিকে ২৫-৩০ জন জামায়াত কর্মী-সমর্থক মোটরসাইকেল যোগে গিয়ে ফিলিপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটনের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দৌলতপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, জামায়াতের ২৫-৩০ জন সমর্থক মোটরসাইকেলে গিয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। পরে জামায়াতের মহিলা কর্মীরা এলাকায় প্রচারণায় গেলে লিটনসহ কয়েকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। তিনি বলেন, বাড়িতে হামলা ও ভাঙচুরের ব্যাপারে তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। পুলিশ সেখান থেকে যুবদল নেতা লিটনের বাড়িঘরে হামলা ভাঙচুরের দৃশ্য ভিডিও করে এনেছে। জামায়াত কর্মীদের বাধা দেওয়ার কোন অভিযোগ তিনি পাননি বলে জানান ওসি। তবে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।