Image description
 

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকার কাছে এ ঘটনা ঘটে।

নিহত মীম উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে গত বছরের সেপ্টেম্বরে গৌরীপুর পৌর এলাকার ভালুকা মহল্লার আবুল কাশেমের ছেলে রাকিব (৩০) নামের এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেন লামিয়া। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকার করে এবং লামিয়ার সাথে দুর্ব্যবহার করে। রোববার রাত থেকে রাকিব যোগাযোগ বন্ধ করে দিলে মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। এরই জেরে সোমবার ভোরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামগঞ্জগামী রেলপথের গজন্দর নামক এলাকা থেকে ছিন্ন-বিচ্ছিন্ন এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

গৌরীপুর রেল-জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন থেকে শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সম্ভবত ওই ট্রেনের নিচেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শীর্ষনিউজ