Image description
 

যে যাই বলুক, অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, নানা ষড়যন্ত্র হলেও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে রংপুরের মানুষ যেভাবে আগলে রেখেছে, সেভাবেই সারাজীবন আগলে রাখবে। দলটি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করেও কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতেও জাতীয় পার্টিকে বাদ দিয়ে রাজনীতিতে কিছু করা সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আগের তুলনায় লাঙ্গলের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীর্ষনিউজ