Image description
 
 

নেত্রকোনা-২ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আব্দুর রহীম রুহি বলেন, জামায়েত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। আপনারা দেখেন চরমোনাইয়ের হুজুর হাতপাখা মার্কা উনি বের হয়ে এসেছেন। আরও অন্য দল বের হয়ে আসছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনকে ওনারা বলেছিলেন কিছু আসন সমঝোতা করবেন, কিন্তু তারা আসন সমঝোতা করেন নাই।

আব্দুর রহীম রুহি আরও বলেন, আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনাদের বাসায় গিয়ে সাক্ষাৎ পাইনি। অর্থাৎ ওনারা আমাদেরকে বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছেন। 

তিনি বলেন, আপনারা জানেন, সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয়, নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আসন সমঝোতা হয়নি। 

১১ দলীয় ঐক্য অবমূল্যায়নের কারণে আপনারা নির্বাচন থেকে সরে গেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা অবমূল্যায়নের কারণে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করি, একটি দলই আছে যেটি হচ্ছে রিকশা মার্কা এবং আরেকটি হচ্ছে জামায়াত। এ ছাড়া বাকি সব হচ্ছে জামায়াতের ‘বি’ টিম। কারণ তারা জানে যেকোনও সময় তাদের নিবন্ধন বাতিল হতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারে। এজন্য এরকম ‘বি’ টিম তারা রেডি রাখে।

এটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি তাদের জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।