Image description

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাতভর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রানাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে রাত ১০টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন।

 

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় যান। পরে পুটিকা বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় আবু বকর রানার ওপর হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ ঘটনার পর বিশকাকুনি ইউনিয়নের বড়রুহি গ্রামে যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই ঘটনায় তার বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

 

এ ছাড়া বাদে পুটিকা গ্রামে আওয়ামী লীগ নেতা আবুল বাশার খানের বাড়ি, আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়িতে আগুন দেওয়া হয়। আগিয়া গ্রামে চিকিৎসক অয়াহিদুর রহমান ছোটনের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।

 

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত, তা তার জানা নেই। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।