Image description

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় মূল্যবৃদ্ধির ফলে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছে।

এর মধ্যে শনিবার (২৮ নভেম্বর) একবারে প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এর আগে শুক্রবার ১ হাজার ৫০ টাকা এবং বৃহস্পতিবারও একই পরিমাণ দাম বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে। নির্ধারিত সেই দামেই আজ দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

নতুন দাম কার্যকরের আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস। এরপর বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে তিন দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত আসে। ফলে বুধবারের মূল্যহ্রাসের পর বাজারে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হলো।

দাম নির্ধারণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।