ক্ষমতা হারালেও পুরনো বলয় ছাড়েননি তারা। রাজধানী ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন দুই সিটি করপোরেশনের সাবেক ৩৪ ওয়ার্ড কাউন্সিলর। তাদের কেউ বিদেশে, কেউবা আত্মগোপনে। কিন্তু দূর থেকেই ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে চেষ্টা চলছে এলাকায় প্রভাব ধরে রাখার। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটিয়ে চলেছেন বাসে অগ্নিসংযোগ, ককটেল হামলা এবং শ্রমিক অসন্তোষে ইন্ধনের মতো একের পর এক ঘটনা। আর সেসব সামলাতে রাতের ঘুম হারাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সম্প্রতি একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য।
সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতা হারালেও অপরাধজগতের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি এসব সাবেক কাউন্সিলরের। নেপথ্যে থেকে তারা নাটাই ঘোরাচ্ছেন অপরাধ কর্মকাণ্ডে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দাবি, সাবেক এসব কাউন্সিলরের সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকভাবে।
আগামীর সময়ের অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাসে আগুন, ককটেল হামলা ও শ্রমিক অসন্তোষের ঘটনায় কয়েকজন সাবেক কাউন্সিলরের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। আসছে ডিসেম্বর ঘিরেও তাদের নাশকতামূলক তৎপরতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। নজরদারি এড়াতে নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে কামরাঙ্গীরচর, মিরপুর, বাড্ডা ও ডেমরা এলাকার ভাসমান অপরাধীদের। তারা নিজ এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় গিয়ে ‘টার্গেট’ বাস্তবায়ন করছে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ৩৪ জন সাবেক কাউন্সিলর আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন বলে উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে। তাদের বেশিরভাগই বিদেশে এবং কয়েকজন দেশেই আত্মগোপনে থেকে পুরনো সহযোগীদের মাধ্যমে এলাকায় প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন। এক্ষেত্রে আবার তাদের সহযোগিতা করছেন ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের স্থানীয় প্রভাবশালীরা।
ডিসেম্বর ঘিরে তৎপরতার তথ্য
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেন এমন অন্তত ৩৪ জন সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ জনের বেশি নেতাকর্মীর তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। যারা নিয়মিত বাসে আগুন, ককটেল বিস্ফোরণ কিংবা শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার চেষ্টা করছেন।
ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, স্থানীয় অপরাধী চক্র, কিশোর গ্যাং ও চাঁদাবাজির নেটওয়ার্ক ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন সাবেক এসব কাউন্সিলর এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। তাদের হাতে মোটা অঙ্কের অর্থ থাকায় তা দিয়ে দেখভাল করছেন নাশকতামূলক কাজে জড়িতদের। যদিও আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকায় সাম্প্রতিক সময়ে খুব একটা সুবিধা করতে পারছেন না তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের ভাষ্য, অপরাধে অর্থের জোগান দেওয়া হচ্ছে কোন নেটওয়ার্ক থেকে, তা খুঁজে বের করার কাজ চলছে। পাশাপাশি শনাক্ত করা হচ্ছে অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও।
সন্দেহের তালিকায় যারা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের মুজিব সরোয়ার মাসুম, ৩ নম্বরের জহিরুল ইসলাম মানিক, ৩৪ নম্বরের শেখ মোহাম্মদ হোসেন, ৩৩ নম্বরের তারেকুজ্জামান রাজিব, ৫ নম্বরের আবদুর রউফ, ৬ নম্বরের তাজুল হোসেন, ৩০ নম্বরের আবুল কাশেম, ৭ নম্বরের তোফাজ্জল হোসেন, ৩১ নম্বরের শফিকুল ইসলাম সেন্টু, ৩২ নম্বরের হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান, ৭ নম্বরের মোবাশ্বের হোসেন চৌধুরী এবং ২৭ নম্বর ওয়ার্ডের ফরিদুর রহমান খান ওরফে ইরান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকায় রয়েছেন ৩১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলমগীর, ১৫ নম্বরের রফিকুল ইসলাম বাবলা, ৩৩ নম্বরের মো. আউয়াল হোসেন, ৪৬ নম্বরের মো. শহিদ উল্লাহ, ৩৮ নম্বরের আহমেদ ইমতিয়াজ মন্নাফি, ৫০ নম্বরের মাসুম মোল্লা, ৪৮ নম্বরের আবুল কালাম অনু, ৬৭ নম্বরের মো. ইবরাহীম, ৬২ নম্বরের মোহাম্মদ মোস্তাক আহমেদ, ৬১ নম্বরের জুম্মন মিয়া, ৬৯ নম্বরের সালাউদ্দিন আহমেদ, ৬৮ নম্বরের মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বরের মোহাম্মদ আতিকুর রহমান, ২ নম্বরের মো. আনিসুর রহমান, ৫ নম্বরের মো. আশ্রাফুজ্জামান, ৯ নম্বরের হাজী এ কে এম মমিনুল হক সাঈদ, ১৩ নম্বরের মোস্তফা জামান পপি, ২০ নম্বরের ফরিদ উদ্দিন আহমেদ রতন, ২২ নম্বরের মো. তরিকুল ইসলাম সজীব, ৩০ নম্বরের মো. হাসান পিল্লু এবং ৩৯ নম্বরের ময়নুল হক মঞ্জু।
মোহাম্মদপুর-মিরপুরে সক্রিয় পুরনো নেটওয়ার্ক
৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব পলাতক অবস্থায় হয়েছেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।
গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মিরপুরে ফোর স্টার গ্রুপের সদস্যদের ব্যবহার করে চেষ্টা চলছে নাশকতার। এরই মধ্যে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে কয়েক দফায় লক্ষ্য অর্জনের চেষ্টাও করা হয়েছে। সম্প্রতি স্পেন থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস ফোর স্টার গ্রুপে সক্রিয় হয়েছেন। এ ছাড়া শেরেবাংলা নগর এলাকায় ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হৃদয়, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সৈয়দ মিজান এবং ভারতে অবস্থানরত মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পীর সহযোগীরা এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
আশকোনা, কাওলা ও দক্ষিণখানসংলগ্ন ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উত্তরা ও খিলক্ষেত এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার। একইভাবে তৎপর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসহাক মিয়া।
মতিঝিল-লালবাগে চাঁদাবাজির নেটওয়ার্ক
মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে চব্বিশের ৫ আগস্টের আগে সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদের নাম ব্যবহার করে জুয়ার আসর ও ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন নুরু, জামাল, সোহেলসহ ছাত্রলীগ-যুবলীগের নেতারা। ৫ আগস্টের পর মোল্লা শামীম, আকাশ ও শাহজাহানপুরের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূরুন্নবী ভূঁইয়া রাজুর নাম এসেছে এসবের নতুন নিয়ন্ত্রণ ঘিরে। রাজু দেশেই রয়েছেন বলে জানা গেছে।
শাহজাহানপুরের বাগিচা ও ঝিল মসজিদ এলাকায় টেলি রাসেল নামে যুবলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে নতুন রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যুবলীগ নেতা রিফাত সতেজের বিরুদ্ধে এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ মিলেছে। মোল্লা শামীম ও আকাশের বিরুদ্ধে কমলাপুরের বাস কাউন্টারগুলো থেকে মাসে আড়াই লাখ টাকা করে চাঁদা নেওয়ার তথ্য রয়েছে।
সংশ্লিষ্টরা জানালেন, লালবাগের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান জামালের ডিশসহ বিভিন্ন ব্যবসা পরিচালিত হচ্ছে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর মধ্যস্থতায়। আর এতে নাম এসেছে লালবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট, যুবদলের রানা ওরফে কানা রানা এবং কামরুজ্জামান সুজনের। ব্যবসার লভ্যাংশের একটি অংশ যায় আত্মগোপনে থাকা জামালের কাছে। জামালের হয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনায় যুক্ত ছিলেন দীপু নামে এক ব্যক্তি। কিছুদিন আগে লালবাগ থানার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বাইরে গ্রেপ্তার যুবলীগ নেতা জাহিদ হাসান ইমনের ঘনিষ্ঠ সহযোগী বাপ্পী বসু বর্তমানে সুইট এবং রানার সহযোগী হিসেবে এলাকায় নানা কৌশলে সক্রিয় রয়েছেন। বাপ্পী বসুর মাধ্যমেই এলাকায় আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বদিউল আলম সুইট উল্টো আগ্রাসী আচরণ করেন। তার দাবি, সব অভিযোগই মিথ্যা।
শহীদনগর ও ইসলামবাগের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ ভারতে অবস্থান করলেও এলাকায় দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। লালবাগ কেল্লা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দক্ষিণ যুবলীগের সাবেক সহসভাপতি আনোয়ার ইকবাল সান্টু রয়েছেন অস্ট্রেলিয়ায়। চকবাজারের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদলের নামও রয়েছে গোয়েন্দা প্রতিবেদনে।
অনুসারীদের মাধ্যমে এলাকা নিয়ন্ত্রণ
আদাবরের সাবেক কাউন্সিলর আবুল হাশেম ওরফে হাসু এবং তার ভাই আবুল কাশেম ওরফে কাশু পলাতক থেকেও নিয়ন্ত্রণ ধরে রেখেছেন এলাকার অপরাধজগতের। কারণ হিসেবে উঠে এসেছে তাদের ছোট ভাই আদাবর থানা বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীনের নাম। এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
যদিও সাদেক হোসেন স্বাধীনের দাবি, এমন অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি বললেন, ‘নানক (জাহাঙ্গীর কবীর নানক) সাহেবের অনুসারীরা মিছিল, পিকেটিং করছে। আওয়ামী লীগ আমলে আমার বিরুদ্ধে ২০-২৫টি মামলা ছিল।’
পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুল বর্তমানে কারাগারে। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম ও পল্টন থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আল জাহিদের সহযোগীরা এলাকায় তৎপর। ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন নাসিমের ঘনিষ্ঠ এইচ এম রায়হান গোপনে দেশে থেকে দলীয় কর্মকাণ্ড সমন্বয় করছেন বলেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
ভারতে অবস্থান করে মতিঝিলের এজিবি কলোনির ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মকাণ্ড সমন্বয় করছেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি মাহবুবুল হক হীরক। খিলগাঁওয়ের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জুয়েল এবং রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদের সহযোগীরাও এলাকায় তৎপর। কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজি মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ভারতে থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং ভাসমান যুবকদের দিয়ে মোহাম্মদপুর ও মিরপুরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের কাজ করানোর তথ্য মিলেছে। গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সুলেমান সেলিম ও ভারতে অবস্থানরত সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন অর্থ দিয়ে দলীয় কর্মকাণ্ডে সহায়তা করছেন বলেও দাবি গোয়েন্দা কর্মকর্তাদের।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফারুক আহমেদ আগামীর সময়কে বললেন, ‘রাজধানীর বেশিরভাগ নাশকতার সঙ্গে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। তারা নিজেদের পারফরম্যান্স (সফলতা) দেখানোর জন্যই এগুলো করার চেষ্টা করছেন। নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থদাতা কিংবা প্রশ্রয়দাতারা কীভাবে জড়িত, সেসব তথ্য আমাদের কাছে আছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’