Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে দুই বছরেও তদন্ত শেষ হয়নি। যশোর দিয়ে গত ২৬ নভেম্বর জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ নেওয়া হলেও, তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। কবে এই প্রক্রিয়া শেষ হবে, তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। কবে এটি শেষ হবে, তা এখনই বলা সম্ভব নয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের মামলায় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কিনা– এই বিষয়ে একটি অভিযোগ গঠন করা হয়েছে জানিয়ে তিনি স্ট্রিমকে আরও বলেন, ‘ট্রাইব্যুনালের একটি রায়ে ইতোমধ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সারা দেশে দলটির নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডে সন্ত্রাসী কার্যক্রম প্রতিফলিত হচ্ছে। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’

জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম স্ট্রিমকে বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে বর্তমান সরকারের এক প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সময়মতো বিস্তারিত জানানো হবে।

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আবার জোরালো হচ্ছে। গত ২৫ নভেম্বর আওয়ামী লীগ, এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এরপর সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিচার চেয়ে ২০২৪ সালের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য হন ববি হাজ্জাজ। বর্তমানে তিনি বিএনপি সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বার্তা সংস্থা রয়টার্সকে ভারতে থাকা দণ্ডিত এই নেতার মুখপাত্র পরিচয়ে সৈয়দ মোজাম্মেল আলী সম্প্রতি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান। বাংলাদেশের সরকারের কাছে তাঁর জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পাঠানোর অনুরোধ করেছেন তিনি।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই ও আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার অপরাধে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

অবশ্য আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে সহিংস বিক্ষোভ করছেন। গোপালগঞ্জে দুটি থানা ও বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়ি পুড়িয়েছে। দেশজুড়ে প্রতিদিন বিএনপি ও এনসিপি নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের শতাধিক কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ করেছেন ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা।

এই অবস্থায় সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আবার জোরালো হচ্ছে। গত ২৫ নভেম্বর আওয়ামী লীগ, এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ কয়েকজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এই আবেদন করেন।

রিটে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

ইতোমধ্যে রায় হওয়া আটটি মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এখন শুধু দাপ্তরিক কাগজপত্র গোছানোর (পেপারওয়ার্ক) কাজ করলেই চলে। তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য প্রসিকিউশন এখনো সবুজ সংকেত পায়নি। হয়তো আওয়ামী লীগের বিচারের দায় রাজনৈতিকভাবে বিএনপি সরকার একার কাঁধে নিতে আগ্রহী নয়।

যদিও ২০২৪ সালের ১ সেপ্টেম্বর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই ও আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার অপরাধে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

জানতে চাইলে রিটকারী আইনজীবী শাহরিয়ার কবির স্ট্রিমকে বলেন, ফৌজদারি আইনে কোন দল, কী অপরাধ করেছে তা দেখা হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সাধারণ ফৌজদারি আদালত নয়, একটি বিশেষ ট্রাইব্যুনাল। একাত্তরে আদালতের মাধ্যমে নয়, সংবিধান ও আইনের মাধ্যমে দলগুলোকে বাতিল করা হয়েছিল এবং আইসিটিতে ‘ডাবল জিওপার্ডি’ (একই অপরাধে দুবার বিচার না হওয়ার সুরক্ষা) বিধান না রাখার বিষয় সংবিধানের মাধ্যমেই হয়েছিল।

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কিনা, সে বিষয়ে সব রাজনৈতিক দল সিদ্ধান্ত না নিলে তাদের কার্যক্রম থাকবে কিনা, তা আদালতের মাধ্যমে আসা দরকার বলেও মনে করেন তিনি।

 

তদন্তে কতদিন লাগতে পারে

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কার্যক্রম শেষ হওয়ার বিষয়ে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি। তবে নাম প্রকাশ না করে এক প্রসিকিউটর স্ট্রিমকে বলেন, নির্দিষ্ট করে সময় বলা না গেলেও, তদন্ত শেষ করতে ছয় মাসের বেশি লাগার কথা নয়। ইতোমধ্যে রায় হওয়া আটটি মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এখন শুধু দাপ্তরিক কাগজপত্র গোছানোর (পেপারওয়ার্ক) কাজ করলেই চলে। এটি তো ছয় মাসেই সম্ভব।

তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে রাজনৈতিক ঐকমত্যের ওপর জোর দেন এই প্রসিকিউটর। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য প্রসিকিউশন এখনো সবুজ সংকেত পায়নি। হয়তো আওয়ামী লীগের বিচারের দায় রাজনৈতিকভাবে বিএনপি সরকার একার কাঁধে নিতে আগ্রহী নয়।

একই কথা জানান ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি এখন সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। দল হিসেবে বিচার হওয়ার আইনগত সুযোগ আছে এবং সরকার চাইলে তা করতে পারে। সরকার নির্দেশনা দিলেই প্রসিকিউশন তা করতে পারবে।

 

জেলায় জেলায় গণশুনানি ও জরিপ

আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এরই অংশ হিসেবে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তদন্ত সংস্থা বলছে, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের মধ্যে আগে রাজনৈতিক ঐক্য হতে হবে।

গত ২৬ নভেম্বর যশোর জেলা থেকে গণশুনানি শুরুর কথা থাকলেও, তা স্থগিত করা হয়। প্রসিকিউশন জানায়, ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের কারণে এটি স্থগিত করা হয়েছে। কোনো কারণে যশোরে বা নির্ধারিত জেলায় কর্মসূচি করা না গেলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অন্য কোনো জেলার মাধ্যমে গণশুনানি শুরু করা হবে।

সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে জরিপ এবং প্রতিটি জেলায় গণশুনানি আয়োজন করবে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।

গণশুনানি ও জরিপ পরিচালনার জন্য চিফ প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সমন্বয়কের নেতৃত্বে ১০ সদস্যের একটি কেন্দ্রীয় টিম গঠন করা হচ্ছে। এতে প্রসিকিউশনের পাঁচ ঊর্ধ্বতন প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার পাঁচ কর্মকর্তা থাকবেন।

গণশুনানিতে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা ও পঙ্গু করার মতো মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, সরকার এই বিষয়ে তাদের সার্বিক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে। এরপর সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সমন্বিত তদন্ত সংস্থা, ট্রাইব্যুনালসহ দেশের নির্যাতিত সব রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক এবং আহত ও নিহতদের পরিবারের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

তিনি বলেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গণশুনানি হবে। এতে আওয়ামী আমলে নিপীড়নের শিকার রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধি, প্রেস ক্লাব, সুশীল সমাজ এবং ছাত্র-জনতার প্রতিনিধি উপস্থিত থাকবে।

১৪ দলীয় জোট হলেই সবাই সন্ত্রাসী সংগঠন হবে না। তবে আমরা তদন্ত করছি– কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যদি মিত্র অন্য কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়, তদন্ত করে তাদেরও একইসঙ্গে বিচারের আওতায় আনা হতে পারে।- চিফ প্রসিকিউটর

বিচারাধীন, তদন্তাধীন এবং বাদ পড়া সব ঘটনা যাচাই-বাছাইয়ে গণশুনানিতে কোনো ঘটনায় ইতোমধ্যে মামলা হয়ে থাকলে তার কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। কোনো ঘটনায় মামলা না হয়ে থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করে ট্রাইব্যুনালে বিচারযোগ্য মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে তদন্তসাপেক্ষে বিচারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনবোধে ঘটনাস্থল থেকেই তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

গত ২৫ নভেম্বর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং আহত-নিহত ও ভুক্তভোগী পরিবারকে বিষয়টি জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানি আয়োজনের আইনি বৈধতার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা– উভয়ের তদন্ত এবং প্রসিকিউশন দাখিলের আইনি এখতিয়ার (ম্যান্ডেট) রয়েছে। তাই এই কার্যক্রম সম্পূর্ণ আইনসম্মত এবং আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অসংখ্য গুম, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার মামলা ইতোমধ্যে রয়েছে। এখনো অনেক ভুক্তভোগী মামলা করেননি। বিপরীতে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে দেশে আর কখনো যেন বিচারবহির্ভূত হত্যা বা ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধ না ঘটে, সে বার্তা দিতেই জরিপ ও গণশুনানি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

 

অভিযোগ পেলে জোট সঙ্গীদেরও বিচার

১৪ দলীয় জোটের শরিক দলগুলোর বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে কেবল সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য। অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেননি।

তিনি বলেন, ১৪ দলীয় জোট হলেই সবাই সন্ত্রাসী সংগঠন হবে না। তবে আমরা তদন্ত করছি– কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যদি মিত্র অন্য কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়, তদন্ত করে তাদেরও একইসঙ্গে বিচারের আওতায় আনা হতে পারে।

 

দল হিসেবে বিচারের আইনি প্রেক্ষাপট

১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট’ প্রণয়ন করে। ২০০৯ সালে আইনে সংশোধনী এনে ব্যক্তি ও গোষ্ঠীকে বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনার বিধান যুক্ত করা হয়। এর ভিত্তিতে ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠিত হলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতা এবং বিএনপির এক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারার আওতায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করে সরকার।

 

 

ট্রাইব্যুনালে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায় ঘিরে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন গড়ে ওঠে। এরপর ২০১৩ সালে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে (২০১৩ সনের ৩ নং আইনের ২ ধারার মাধ্যমে মূল আইনের ৩(১) ধারায়) ব্যক্তির পাশাপাশি ‘সংগঠন’ শব্দ যুক্ত করা হলেও সংগঠনের শাস্তির বিধান সেখানে ছিল না। একাত্তরের ভূমিকার জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে তখন আইনটি আবার সংশোধনের ঘোষণা দিলেও, পরে এক দশকের বেশি ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ করেনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের মে মাসে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ’-এর মাধ্যমে আইনের দুটি ধারায় সংশোধন এনে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার এবং শাস্তির ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে।

সংশোধিত আইনে ‘সংগঠন’ বলতে কোনো রাজনৈতিক দল, এর অঙ্গ, সংশ্লিষ্ট বা সহযোগী কোনো সত্তা এবং দলের কর্মকাণ্ড প্রচার, সমর্থন, অনুমোদন বা সহযোগিতায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে।

ট্রাইব্যুনাল আইনের ৩(২) ধারায় উল্লিখিত মানবতাবিরোধী অপরাধে কোনো সংগঠন জড়িত থাকলে বা সহায়তা করলে ট্রাইব্যুনাল ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল কিংবা স্থগিত করা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারেন।

এ ছাড়া ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা (২০সি) যুক্ত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত থাকায় দলীয়ভাবে এবং শেখ হাসিনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পথও বন্ধ রয়েছে।

এর আগে শেখ হাসিনার সরকার ২০২৪ সালের জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগে ওই বছরের ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের সব অঙ্গসংগঠনকে ‘সন্ত্রাসী সত্তা’ তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছিল। তবে এর চার দিনের মাথায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলটির সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২৮ আগস্ট জামায়াতের আবেদনে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এরপর ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারার আওতায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করে সরকার। একই দিন নির্বাচন কমিশনও দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই আন্দোলন দমনে ১ হাজার ৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা, নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এর মোট পাঁচটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল।

২০০৯ সালের মূল সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তাকে নিষিদ্ধ করার সুযোগ থাকলেও, তাদের যাবতীয় ‘কার্যক্রম নিষিদ্ধ’ করার সুনির্দিষ্ট বিধান ছিল না। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে এই বিধান যুক্ত করার পর গত এপ্রিলে ত্রয়োদশ সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাসের মাধ্যমে তা স্থায়ী আইনে পরিণত হয়। সংশোধিত এই আইনে নিষিদ্ধ দল বা সংগঠনের পক্ষে অনলাইন বা সামাজিক মাধ্যমে প্রচার এবং অর্থ বা আশ্রয় দিয়ে সহায়তাকেও কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।