Image description

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও, ভোটের মাঠ শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই সংলাপে নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চাওয়ার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত বাতিল করে অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন পুনরায় নির্দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর এবারই প্রথম ভোট হবে। তবে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থীদের সমর্থন দেওয়ার প্রবণতা রয়েই গেছে। ফলে নির্বাচনে দলীয় প্রভাব ও সংঘাতের আশঙ্কাও থেকেই যাচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, দেশের সবচেয়ে সহিংস নির্বাচনগুলোর একটি হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই এবারের ভোটে সহিংসতা নিয়ন্ত্রণ করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন।

 

সংলাপে দলগুলোকে কী বার্তা দেওয়া হবে—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কমিশন দলগুলোর সহযোগিতা চাইবে। দলগত ও ব্যক্তিগত পর্যায়ে যেন নেতাকর্মীদের সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের বার্তা দেওয়া হয়, সেই অনুরোধ জানানো হবে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের কী করা উচিত, সে বিষয়ে দলগুলোর পরামর্শও শোনা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন অরাজনৈতিকভাবে হলেও রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার অন্যতম প্রধান অংশীজন। তাই একটি স্বচ্ছ ও সংঘাতহীন নির্বাচন নিশ্চিত করতে এবং প্রকৃত বিজয়ীর জয় নিশ্চিত করার বার্তা দিতেই দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন মনে করেছে কমিশন।

নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীমও ইসির এই সংলাপকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তার মতে, নির্বাচনের পরিবেশ শান্ত রাখা ও আচরণবিধি মানার বিষয়ে দলগুলোর সহযোগিতা চাওয়া একটি ভালো পদক্ষেপ

তিন দিনব্যাপী সংলাপের প্রথম দিন ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণফোরাম।

অতীতের পরিসংখ্যান বলছে, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা নতুন নয়। আশির দশকে এরশাদ শাসনামলেও নির্বাচনী সহিংসতায় হাসপাতালগুলো আহত মানুষে ভরে যেত। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর তথ্য অনুযায়ী, ইউপি নির্বাচনে ১৯৮৮ সালে ৮০ জন, ১৯৯৭ সালে ৩১ জন, ২০০৩ সালে ২৩ জন এবং ২০১১ সালে ১০ জন নিহত হন। এ ছাড়া ২০১৬ সালের ভোটে ২৩৬ জন এবং ২০২১ সালের ইউপি নির্বাচনে ১১৩ জনের প্রাণহানি ঘটে।

সম্প্রতি এক আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও এই সহিংসতা বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

ইসির ঘোষিত তালিকা অনুযায়ী, এবার পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি এবং দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়নে ভোট হবে।

এরপর তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং সবশেষ পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।