Image description

আহসান তাসনিম। চব্বিশের অভ্যুত্থানের পর থেকে টাইমস অব ইন্ডিয়ায় অন্তত ১৪৪টি বাইলাইন প্রতিবেদন প্রকাশ হয়েছে। তিনি টাইমস অব ইন্ডিয়ার ঢাকার সংবাদদাতা। কিন্তু আহসান তাসনিম নামের এই প্রতিবেদকের কোনো অস্তিত্ব অনুসন্ধানে মেলেনি। লেখার বাইরে তাঁকে ব্যক্তিগতভাবে কোথাও দেখাও যায় না। সামাজিক মাধ্যমেও নেই তিনি। হঠাৎ বাংলাদেশ বিশেষজ্ঞ হয়ে ওঠা এই আহসান তাসনিম নিয়ে রয়েছে অনেকের আগ্রহ। স্ট্রিম করেছে তারই সন্ধান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর মধ্যেই গত ২৩ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ‘Dhaka seeks Ganga treaty renewal, drops demand for fresh deal’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। আহসান তাসনিমের বাইলাইনে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ও মূল লেখায় দাবি করা হয়, বাংলাদেশ নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তির দাবি থেকে সরে এসে বিদ্যমান চুক্তি নবায়নের দিকে এগোচ্ছে। তবে মূল লেখায় অবস্থান পরিবর্তনের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করা হলেও শিরোনামে তা নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া চুক্তি নবায়ন বা অন্তর্বর্তীকালীন মেয়াদ বৃদ্ধি এবং এর শর্ত নির্ধারণের বিষয়টি দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে অজ্ঞাত সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে।

তবে এ নিয়ে প্রকাশিত বাংলা স্ট্রিমের একটি বিশ্লেষণে বলা হয়েছে, নতুন চুক্তির দাবি থেকে বাংলাদেশ সরে এসেছে, এমন দাবির পক্ষে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে কোনো নির্দিষ্ট সূত্র, নথি কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য উল্লেখ করা হয়নি। বরং বাংলাদেশের পানিসম্পদমন্ত্রীর নতুন বা সংশোধিত চুক্তির পক্ষে আগের বক্তব্য এবং ন্যূনতম পানিপ্রবাহের নিশ্চয়তা আদায়ের উদ্যোগ দাবিটিকে প্রশ্নবিদ্ধ করে। গত ১৯ নভেম্বর কারিগরি কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন চুক্তির দাবি প্রত্যাহারের কোনো ইঙ্গিত ছিল না।

গত ৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে নতুন বা সংশোধিত চুক্তির পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে। বর্তমান চুক্তি শুধু নবায়ন না করে বাংলাদেশ সরকার নতুন বা সংশোধিত চুক্তি চায়। এতে বাংলাদেশের প্রয়োজনীয় শুষ্ক মৌসুমের পানি নিশ্চিত করতে গ্যারান্টি ব্যবস্থা থাকা গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এটি খুবই গুরুত্বপূর্ণ।’

পরবর্তী সময়ে বাংলা স্ট্রিমের এক প্রতিবেদনেও গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগের কথা তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এরই মধ্যে আমাদের পক্ষ থেকে পার্শ্ববর্তী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। একটি চিঠিরও উত্তর দেয়নি। আমি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি। এখন পর্যন্ত সেই চিঠিরও কোনো উত্তর পাইনি।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে নতুন চুক্তি সম্পাদন এবং শুষ্ক মৌসুমে পানির হিস্যা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের আগের দাবির কথাও উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশ নতুন চুক্তির দাবি থেকে সরে এসেছে বলে সংবাদমাধ্যমটি যে দাবি করেছে, তার পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরা হয়নি।

দাবিটির উৎস ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের অংশ হিসেবে অনুসন্ধান করা হয় এর লেখক আহসান তাসনিমের পেশাগত পরিচয় নিয়েও।

কে এই আহসান তাসনিম

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে আহসান তাসনিমের লেখক প্রোফাইল থেকে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে তাঁর একক ও যৌথ বাইলাইনে প্রকাশিত প্রতিবেদনের সংখ্যা অন্তত ১৪৪ বলে শনাক্ত করেছে স্ট্রিম। তবে সেখানে তাঁর কোনো ছবি, বিস্তারিত পেশাগত পরিচয়, পূর্ববর্তী কর্মস্থল, যোগাযোগের তথ্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক পাওয়া যায়নি।

অনুসন্ধানে অন্তত ২০২৪ সালের অক্টোবর থেকে এই নামে টাইমস অব ইন্ডিয়ায় প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে পাওয়া পুরোনো প্রতিবেদনগুলোর মধ্যে একটি হলো ‘Bangladesh's Hindus mull cancelling Durga Puja amid security concerns’। প্রতিবেদনটির সর্বশেষ হালনাগাদের তারিখ ২০২৪ সালের ৮ অক্টোবর।

পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায়, ভারত-বাংলাদেশ সম্পর্ক, শেখ হাসিনা এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে তাঁর বাইলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চলতি বছরের ১ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁকে সরাসরি টাইমস অব ইন্ডিয়ার ঢাকাস্থ সংবাদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে ফেসবুক, এক্স (সাবেক টুইটার), লিংকডইনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর নামের একাধিক বানান ব্যবহার করে অনুসন্ধান করেও টাইমস অব ইন্ডিয়ার এই প্রতিবেদকের সঙ্গে নির্ভরযোগ্যভাবে সংশ্লিষ্ট কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট শনাক্ত করা সম্ভব হয়নি।

সাংবাদিক সংগঠনে নেই তাঁর নাম

আহসান তাসনিমের পেশাগত পরিচয় যাচাইয়ে স্ট্রিম বাংলাদেশে কর্মরত ভারতীয় ও অন্যান্য বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকদের সংগঠনসহ সংশ্লিষ্ট কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছে।

ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামানের কাছে আহসান তাসনিম নামে কোনো সাংবাদিক তাঁদের সংগঠনের সদস্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই নামে তো কেউ নেই।’

টাইমস অব ইন্ডিয়ার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ওই সাংবাদিকের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তাঁর জানা নেই। তিনি আরও বলেন, ‘থাকলে তো আমাদের লিস্টে থাকতো।’

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক স্যাম জাহান স্ট্রিমকে জানান, বর্তমানে তাঁদের সংগঠনের সদস্য সংখ্যা ৩৫। টাইমস অব ইন্ডিয়ার কোনো প্রতিনিধি তাঁদের সংগঠনের সদস্য নন। আহসান তাসনিমের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই নামে তো কোনো সাংবাদিককেই চিনি না।’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি এ কে এম মঈনুদ্দিন জানান, তাঁদের সংগঠনের ৪০ জন সদস্যের মধ্যে আহসান তাসনিম নামে কেউ নেই।

ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি নজরুল ইসলাম মিঠু জানান, তাঁদের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৫৪। টাইমস অব ইন্ডিয়ার কোনো প্রতিনিধি তাঁদের সংগঠনের সদস্য নন। তবে ওই সংবাদমাধ্যমের বাংলাদেশে কোনো প্রতিনিধি রয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

আহসান তাসনিমের খোঁজে ফয়সাল মাহমুদ

আহসান তাসনিমের পরিচয় সম্পর্কে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক মিনিস্টার (প্রেস) এবং বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) সাবেক সদস্যসচিব ফয়সাল মাহমুদ।

দিল্লিতে দায়িত্ব পালনকালে তিনি নিজেও আহসান তাসনিমের পরিচয় অনুসন্ধানের চেষ্টা করেছিলেন বলে জানান। এ জন্য টাইমস অব ইন্ডিয়ার দিল্লি ও মুম্বাই কার্যালয়ে যোগাযোগ করে ওই সাংবাদিকের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন তিনি। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, সংবাদমাধ্যমটির কাছ থেকে পরবর্তী সময়ে কোনো সাড়া বা সাক্ষাতের সময় পাননি। ফয়সাল মাহমুদ বলেন, ‘আমি কোনো ট্রেস পাইনি ভদ্রলোকের।’

আহসান তাসনিমের সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি সম্পর্কেও অনুসন্ধান করেছিলেন ফয়সাল মাহমুদ। তবে তাঁর পরিচয় নিশ্চিত করার মতো বিশ্বাসযোগ্য কোনো প্রোফাইল খুঁজে পাননি বলে জানান। এক্সে ওই নামে একটি অ্যাকাউন্ট থাকার সম্ভাবনার কথা উল্লেখ করলেও সেটিকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি তাঁর।

বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার প্রতিনিধি রয়েছেন কি না, জানতে চাইলে ফয়সাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার কোনো প্রতিনিধিই নেই।’ তিনি আরও বলেন, ‘আমার জানামতে লাস্ট সাত-আট বছরে কোনো প্রতিনিধি ছিল না।’

টাইমস অব ইন্ডিয়ার বক্তব্য পাওয়া যায়নি

গঙ্গা চুক্তি নিয়ে প্রকাশিত দাবির তথ্যসূত্র এবং আহসান তাসনিমের পেশাগত পরিচয় সম্পর্কে জানতে টাইমস অব ইন্ডিয়ার গ্রিভ্যান্স অফিসার ইন্দ্রজিৎ রায়ের কার্যালয়ে ফোন ও ইমেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে স্ট্রিম। তবে ফোনে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ছাড়া সংবাদমাধ্যমটির ম্যানেজিং এডিটর রোহিত শরণের সঙ্গেও ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর কাছ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় কর্তৃপক্ষ ও আহসান তাসনিমের সঙ্গে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছেন কিংবা তাঁর কাছ থেকে তথ্য নিয়েছেন, এমন কয়েকজন সাংবাদিকের প্রকাশ্য পেশাগত ইমেইল ঠিকানায় যোগাযোগ করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় কর্তৃপক্ষ কিংবা যোগাযোগের চেষ্টা করা সাংবাদিকদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমেও অনুরূপ দাবি

অনুসন্ধানে টাইমস অব ইন্ডিয়ার পাশাপাশি ভারতের একাধিক ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষার সংবাদমাধ্যমে একই বা সমার্থক দাবি প্রকাশের তথ্য পাওয়া যায়। টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিবেদনটি সর্বশেষ হালনাগাদ করা হয় ২৩ নভেম্বর বাংলাদেশ সময় বেলা ১টা ১৬ মিনিটে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সংবাদ সংগ্রাহক ওয়েবসাইট নিউজ মিনিমালিস্টের তথ্য অনুযায়ী, প্রতিবেদনটির সময় বাংলাদেশ সময় ওই দিন সকাল ৮টা ১ মিনিট। ওই দিন বাংলাদেশ সময় সকাল ১০টা ২ মিনিটে হিন্দি সংবাদমাধ্যম দৈনিক জাগরণ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির শিরোনামে দাবি করা হয়, নতুন চুক্তির দাবি ছেড়ে বাংলাদেশ বিদ্যমান গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে রাজি হয়েছে। সকাল ১০টা ২৯ মিনিটে সপ্তাশ্ব টিভি একই ধরনের দাবি তুলে ধরে। ওই দিন নিউজবাইটসেও একই ধরনের দাবি সংবলিত প্রতিবেদন প্রকাশিত হয়।

বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩২ মিনিটে নর্থইস্ট নাউ এক প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশ সরাসরি নতুন চুক্তির দাবি জানানোর পরিবর্তে আলোচনা শুরুর জন্য ভারতের রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগ প্রত্যাশা করছে। একই দিন আরএনএ মিডিয়া ও নিউজ কর্ণাটক একই ধরনের দাবি তুলে ধরে। ভারতের বাংলা সংবাদমাধ্যম কলকাতা২৪x৭ নতুন চুক্তির দাবি থেকে বাংলাদেশের সরে আসার বিষয়টিকে ভারতের কঠোর অবস্থানের ফল হিসেবেও উপস্থাপন করে। এ ছাড়া দ্য নবদিগন্ত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করে মূল প্রতিবেদনের লিংক সংযুক্ত করেছে।

পরদিন ২৪ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৪ মিনিটে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কয়েকটি প্রতিবেদনের বরাতে জানায়, নতুন চুক্তির পরিবর্তে বিদ্যমান চুক্তি নবায়নে বাংলাদেশ সম্মত বলে মনে হচ্ছে। তবে ওই প্রতিবেদনগুলোর নাম বা সূত্র সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

এর মধ্যে নিউজবাইটস, নর্থইস্ট নাউ ও আরএনএ মিডিয়ার প্রতিবেদনে কিছু তথ্যের সূত্র হিসেবে টাইমস অব ইন্ডিয়াকে উল্লেখ করা হয়েছে।