Image description

দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের পরবর্তী কর্মজীবন ও রাজনীতিতেও সততা এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে প্রতিনিধিরা যে সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন, তার ভিত্তিতে আগামী দিনের নেতৃত্বেও তারাই আসবেন এমনটাই প্রত্যাশা করেন জামায়াতের আমির। এ সময় তিনি পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সকল প্রতিনিধিকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

জামায়াত সেক্রেটারি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে মেয়াদ শেষে জাতির সামনে যেভাবে তাদের কাজের উপস্থাপনা তুলে ধরেছেন, তা দেশের ইতিহাসে একটি বিরল ঘটনা।

ইসলামী ছাত্রশিবির ও সমমনা প্যানেল থেকে ছাত্র সংসদে নির্বাচিতদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে আদর্শিক চর্চার মাধ্যমে অর্জিত শিক্ষা যেন কর্মজীবন ও সমাজের রাজনীতিতে প্রবেশের পরও অটুট থাকে। সেই নৈতিকতা, চরিত্র, সততা ও স্বচ্ছতার শিক্ষাকে কাজে লাগিয়ে তারা দেশ ও জাতিকে বদলে দেবেন বাংলাদেশ সেই অপেক্ষায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিতরা অনুষ্ঠানে অংশ নেন।