Image description

দেশের গ্যাস উৎপাদন মূলত বিবিয়ানা, তিতাস, জালালাবাদ ও হবিগঞ্জ—এই চার গ্যাসক্ষেত্রের ওপর নির্ভরশীল। মোট দেশীয় গ্যাস উত্তোলনের ৮০ শতাংশই আসে সেখান থেকে। তবে কয়েক বছর ধরে এই উত্তোলন ধারাবাহিকভাবে কমছে।

২০২১-২২ অর্থবছরে দেশে মোট গ্যাস উত্তোলন হয়েছিল ৮৪১ দশমিক ৯৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে ওই চারটি গ্যাসক্ষেত্রের সম্মিলিত উত্তোলন ছিল প্রায় ৭০৮ দশমিক ৭৫ বিলিয়ন ঘনফুট। গত অর্থবছরে (২০২৫-২৬) উত্তোলন নেমেছে ৫০৫ দশমিক ৭৪ বিলিয়ন ঘনফুটে। এতে দেশের গ্যাসক্ষেত্রগুলোর সম্মিলিত উৎপাদনও কমে দাঁড়িয়েছে ৬২৮ দশমিক ৪৬ বিলিয়ন ঘনফুট।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন হাইড্রোকার্বন ইউনিটের বার্ষিক গ্যাস উৎপাদন, বিতরণ ও ব্যবহারসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পর্যায়ে গ্যাস উত্তোলন কমে যাওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি-নির্ভরতা বাড়ছে। বর্তমানে দেশে মোট সরবরাহ করা গ্যাসের প্রায় ৩৫ শতাংশই আসছে আমদানিকৃত এলএনজি থেকে। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল প্রায় ২৯ শতাংশ।

দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী ক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা। এটি পরিচালনা করছে মার্কিন কোম্পানি শেভরন। ২০২১-২২ অর্থবছরে বিবিয়ানা থেকে উত্তোলন হয়েছিল ৪৩৯ দশমিক ২৮ বিলিয়ন ঘনফুট গ্যাস। গত অর্থবছরে তা নেমেছে ৩০৫ দশমিক ৩৬ বিলিয়ন ঘনফুটে। চার বছরে ক্ষেত্রটির উত্তোলন কমেছে ৩০ দশমিক ৪৯ শতাংশ।

বিগত চার অর্থবছরে দেশে গ্যাসের উত্তোলন যে পরিমাণে কমেছে, তার ৬৩ শতাংশই হয়েছে বিবিয়ানায়। যদিও এখনো দেশে মোট গ্যাস উত্তোলনের প্রায় ৪৯ শতাংশ সরবরাহ হচ্ছে এই ক্ষেত্র থেকে।

  • দেশের মোট গ্যাস উত্তোলনে চার গ্যাসক্ষেত্রের হিস্যা ৮০%
  • চার অর্থবছরে দেশে গ্যাস উত্তোলন কমেছে প্রায় ৩৪%
  • সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা পরিচালনা করছে শেভরন। জালালাবাদও তাদের পরিচালনাধীন

 

শেভরন পরিচালিত আরেকটি গ্যাসক্ষেত্র সিলেটে লাক্কাতুরা চা বাগান এলাকার জালালাবাদ গ্যাসক্ষেত্র। উৎপাদন কমছে সেখানেও। ২০২১-২২ অর্থবছরে ক্ষেত্রটি থেকে ৬৮ দশমিক ৭৭ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হলেও গত অর্থবছরে তা নেমেছে ৪৭ দশমিক ৩২ বিলিয়ন ঘনফুট। চার অর্থবছরে উত্তোলন কমেছে ৩১ দশমিক ১৯ শতাংশ।

জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির জন্য এলএনজি আমদানিনির্ভর জ্বালানি নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিগত দশকে খাতটি নিয়ে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছিল তৎকালীন সরকার, সেখানে স্থানীয় পর্যায়ের উত্তোলন বৃদ্ধি ও অনুসন্ধানের বিষয়টি ছিল পুরোপুরি অবহেলিত।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী বিবিয়ানার গ্যাসের মজুত আরও আগেই শেষ হয়ে যাওয়ার কথা। যদিও গ্যাসক্ষেত্রটির রক্ষণাবেক্ষণ এবং নতুন কূপ খনন ও ব্যবস্থাপনার মাধ্যমে এখনো গ্রিডে গ্যাসের সংস্থান করে যাচ্ছে উত্তোলনকারী কোম্পানিটি। এদিকে ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত আবিষ্কার হলেও এখন পর্যন্ত তা গ্রিডে যুক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় দেশে গ্যাসের নতুন মজুত খুঁজে বের করার পাশাপাশি উত্তোলনে সচল ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর বিষয়ে মনযোগী হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন তারা।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন তিতাস দেশের দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র। ২০২১-২২ অর্থবছরে সেখানে উত্তোলন হয়েছিল ১৪৩ দশমিক ৫১ বিলিয়ন ঘনফুট গ্যাস। গত অর্থবছরে তা নেমেছে ১১৮ দশমিক ১৭ বিলিয়ন ঘনফুটে। অর্থাৎ চার অর্থবছরে ক্ষেত্রটির উৎপাদন কমেছে প্রায় ১৮ শতাংশ। এর মধ্যে গত অর্থবছরেই দৈনিক গড় উত্তোলন কমেছে প্রায় ৩ কোটি ঘনফুট।

বিজিএফসিএলের অধীন আরেকটি বড় গ্যাসক্ষেত্র রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়—হবিগঞ্জ গ্যাসক্ষেত্র। সেখানে উত্তোলন কমছে আরও দ্রুতগতিতে। ২০২১-২২ অর্থবছরে ৫৭ দশমিক ২ বিলিয়ন ঘনফুটের বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে উত্তোলন নেমেছে ৩৪ দশমিক ৮৯ বিলিয়ন ঘনফুটে। উত্তোলন কমেছে ৩৯ শতাংশ।

হাইড্রোকার্বন ইউনিট বলেছে, দেশীয় গ্যাসের উৎপাদন ধরে রাখতে বন্ধ থাকা ক্ষেত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোকে বাণিজ্যিকভাবে উত্তোলনে নিয়ে আসা এবং স্থল ও সমুদ্রভাগে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

গুটিকয়েক গ্যাসক্ষেত্র ও একটি উত্তোলনকারী প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশের গ্যাস সরবরাহ ঝুঁকিতে রয়েছে বলে ইউনিটটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই কথা বলছেন বিশেষজ্ঞরাও।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ম. তামিম স্ট্রিমকে বলেন, ‘ভবিষ্যতে গ্যাস খাতে ঝুঁকি থেকেই যাবে। দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর একটিতেও যদি সমস্যা দেখা দেয়, তাহলে মুহূর্তেই কয়েকশ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে যেতে পারে। এ কারণে শিল্প ও বাসাবাড়ির জন্য এলপিজি নিশ্চিত করার মতো বিকল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্যাসের উত্তোলন বৃদ্ধি ও সক্ষমতা তৈরি করতে হবে।’

২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে দেশে গ্যাসের উত্তোলন কমেছে প্রায় ৩৪ শতাংশ। একই সময়ে এলএনজি আমদানি বেড়েছে প্রায় ৪১ শতাংশ। তবে তাতেও স্থানীয় উত্তোলন কমার ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে না।

ভবিষ্যতে গ্যাস খাতে ঝুঁকি থেকেই যাবে। দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর একটিতেও যদি সমস্যা দেখা দেয়, তাহলে মুহূর্তেই কয়েকশ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে যেতে পারে।

গত অর্থবছরে দেশে গ্যাস উত্তোলন কমেছে ৬৭ দশমিক ৬৪ বিলিয়ন ঘনফুট। বিপরীতে এলএনজি আমদানি বেড়েছে ৫৬ দশমিক ৩৮ বিলিয়ন ঘনফুট।

বর্তমানে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দুটি টার্মিনালের সম্মিলিত সক্ষমতা দৈনিক ১১০ কোটি ঘনফুট। সক্ষমতা আরও বাড়াতে গত ১২ নভেম্বর দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনা একটি প্রতিষ্ঠানের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

হাইড্রোকার্বন ইউনিটের তথ্য অনুযায়ী, দেশে সর্বোচ্চ গ্যাস উত্তোলন হয়েছে ২০১৬-১৭ অর্থবছরে ৯৭২ বিলিয়ন ঘনফুট। ২০১৮-১৯ অর্থবছরেও ৯৬৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়েছিল। এরপর থেকেই উৎপাদন কমেছে।

দেশীয় গ্যাসের পরিবর্তে তুলনামূলক ব্যয়বহুল এলএনজি আমদানির ওপর নির্ভরতা এমনিতেই সরকারের ওপর আর্থিক চাপ তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির মূল্যবৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন এ চাপ আরও বাড়িয়েছে। ব্যয়বহুল স্পট মার্কেট থেকে এলএনজি কেনার কারণে চলতি ২০২৬-২৭ অর্থবছরে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাইড্রোকার্বন ইউনিটও তাদের প্রতিবেদনে এলএনজি আমদানিনির্ভরতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারের মূল্য, বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা ও সরবরাহ চুক্তিসংক্রান্ত ঝুঁকির কথা উল্লেখ করেছে।

সরকার অবশ্য নতুন কূপ খনন ও বিদ্যমান কূপ সংস্কারের মাধ্যমে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও সংস্কারের রোডম্যাপ তৈরি করেছে পেট্রোবাংলা। এসব কার্যক্রমের মাধ্যমে দৈনিক ১৭৫ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পায়নি পেট্রোবাংলা।

এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব স্ট্রিমকে বলেন, ‘দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে যে রোডম্যাপ নেওয়া হয়েছে তার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৩৪টি কূপ খননের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বাপেক্স ও ঠিকাদারি প্রতিষ্ঠান মোট সাতটি রিগ খনন করছে। আশা করছি আগামীতে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়বে। একই সঙ্গে সংকট কাটাতে এলএনজি আমদানিও করা হচ্ছে।’

উল্লেখ্য, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯ দশমিক ৯৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে গত জুন পর্যন্ত উত্তোলন করা হয়েছে প্রায় ২২ দশমিক ৩৮ ট্রিলিয়ন ঘনফুট। অবশিষ্ট রয়েছে ৭ দশমিক ৫৪ ট্রিলিয়ন ঘনফুট। অর্থাৎ দেশে এখন পর্যন্ত হিসাব করা উত্তোলনযোগ্য গ্যাসের প্রায় তিন-চতুর্থাংশ এরই মধ্যে শেষ হয়েছে।