Image description

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জট খুলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। নির্মাণকাজ প্রায় শতভাগ শেষ হওয়ার পরও নানা জটিলতায় পড়ে থাকা এই মেগা অবকাঠামো আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সীমিত পরিসরে চালুর প্রস্তুতি চলছে।

আগামী সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের পরিচালন ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হবে। শুরুতে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু করে ধাপে ধাপে বাড়ানো হবে ফ্লাইট ও যাত্রীসেবা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, নতুন টার্মিনাল চালু হলে শাহজালালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০

লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে পৌঁছাবে। বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতাও।

কিন্তু এই বিশাল অবকাঠামো থেকে সরকারের রাজস্ব পাওয়ার আগে আট মাস কোনো আয় হবে না।

পরবর্তী ছয় মাসে সরকার পাবে মাত্র ১৩.৫ শতাংশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২.১০ ডলার এবং কার্গো আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।

তবে এই সম্ভাবনার সঙ্গে যুক্ত হচ্ছে যাত্রীদের বাড়তি খরচ, দীর্ঘমেয়াদি চুক্তির নানা শর্ত এবং বিপুল ঋণের দায়।

এর সঙ্গে রয়েছে ১৫ বছরের পরিচালন চুক্তির শর্ত, রাজস্ব ভাগাভাগিতে সরকারের অংশ, শাহজালালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রমের নিষেধাজ্ঞা। টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা যাবে না। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে টার্মিনাল পরিচালনার চুক্তিতে এমন শর্ত যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, নতুন টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীকে এমবারকেশন ফি দিতে হবে ১২.৫০ ডলার বা প্রায় এক হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এই ফি ৫০০ টাকা। অর্থাৎ নতুন টার্মিনালে যাত্রীর এই খরচ বেড়ে তিন গুণ।

বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বিমান চলাচল খাতে সবকিছুর চার্জ এমনিতেই তুলনামূলকভাবে অনেক বেশি, এরপর যদি এমবারকেশন দুই-তিন গুণ বেড়ে যায়, সেটা তো শেষ পর্যন্ত যাত্রীর ভ্রমণ খরচের ওপরই পড়বে। এখানে আমরা অনেক শর্ত মেনে নিচ্ছি—নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে বলেই আমি মনে করি।’

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘আইকাও-এর বিধি-বিধান ও বিভিন্ন নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এমবারকেশন ফি বা ভ্রমণ ব্যয় বাড়ায় এমন কোনো রেগুলেটরি ফি বাড়ানোর ক্ষেত্রে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এখানে শুধু এয়ারলাইনস নয়, যাত্রীরাও স্টেকহোল্ডার। ক্যাব ও এয়ারলাইন অ্যাসোসিয়েশন থাকলেও এই ফি নির্ধারণে কোনো আলোচনা হয়েছে বলে আমরা শুনিনি।’

তিনি বলেন, ‘এমবারকেশন ফি তিন গুণ বাড়ালে যাত্রীদের খরচ বাড়বে। বিশেষ করে প্রবাসী কর্মী ও রেমিট্যান্সযোদ্ধাদের ভোগান্তি ও ব্যয় কমানোর তাগিদ যেখানে রয়েছে, সেখানে এভাবে ফি বাড়ালে তা সমাধান হবে না। মূলত টার্মিনালের কারণেই এই খরচ বাড়ছে, এয়ারলাইনস বাড়াচ্ছে না।’

১৫ বছরের চুক্তিতে সরকারের আয় কত : পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে তৃতীয় টার্মিনাল পরিচালিত হবে। সরকারের পক্ষে বেবিচক এবং বেসরকারি অংশীদার হিসেবে থাকবে জাপানি কনসোর্টিয়াম। এতে রয়েছে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ জাপানি অপারেটর এককালীন দেবে ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশের সমান এই এককালীন অর্থ।

অপারেটরের আয় শুধু যাত্রী ও কার্গো রাজস্বেই সীমাবদ্ধ থাকবে না। বোর্ডিং ব্রিজ, দোকান ও লাউঞ্জ ভাড়া, বহুতল গাড়ি পার্কিং এবং বিজ্ঞাপন থেকেও আয় করবে তারা। ফলে এসব খাতের আয় কিভাবে হিসাব হবে এবং সরকারের অংশ কিভাবে নির্ধারিত হবে, সেটিও চুক্তির আর্থিক ফলাফলের গুরুত্বপূর্ণ বিষয়।

নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা : চুক্তির সবচেয়ে আলোচিত শর্তগুলোর একটি হলো, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনালটি চালু হওয়া সরকারের একটি প্রশংসনীয় সিদ্ধান্ত। এমবারকেশন ফি প্রায় তিন গুণ বেড়ে প্রায় এক হাজার ৬০০ টাকার কাছাকাছি হওয়াসহ অন্যান্য শর্তের বিষয়ে উদ্বেগ রয়েছে। তৃতীয় টার্মিনালের পরিচালন ব্যয় কেমন দাঁড়াবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।’

তিনি বলেন, ১০-১৫টি বিদেশি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখালেও এখনই সবার চাহিদামতো স্লট দেওয়া কঠিন। স্লট কেবল সময়ের বিষয় নয়; এটি বোর্ডিং ব্রিজ, বল্টে, পার্কিং স্পেস, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সামগ্রিক সক্ষমতার ওপর নির্ভর করে। থার্ড টার্মিনাল চালু হলে এসব সক্ষমতা বাড়বে। বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার স্লট ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো অন্যান্য বিমানবন্দরে ছড়িয়ে দিতে পারলে ঢাকার ওপর চাপ কমবে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের ভাগ ৫০% : তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ করবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বছরে প্রায় এব হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে নতুন টার্মিনালের এই ব্যবসা রাষ্ট্রীয় সংস্থাটির জন্য বড় আর্থিক বিষয়।

বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুল ইসলামের মতে, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে বঞ্চিত করা হলে রাষ্ট্রীয় সংস্থাটি বড় ব্যবসা হারাবে। তবে বিমানের সেবার মানও উন্নত করতে হবে।

বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন, আধুনিক অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দরের সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে কাজের ধরন ও মান পরিবর্তন করতে হবে।

আয় শুরুর আগেই ঋণের কিস্তি : তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে এক হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই সময় সংস্থাটির মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে মাত্র ২.৪ শতাংশ। গত অর্থবছরে আয় হয়েছে তিন হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।

সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। টার্মিনাল চালু হলে বেবিচকের বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রমের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এরই মধ্যে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে অরো প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।

চার ফ্লাইটে উদ্বোধন, পূর্ণ চালু ১৪ মাসে : আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু করতে চায় সরকার। এর মধ্যে দুটি ফ্লাইট ছেড়ে যাবে এবং দুটি অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে বিমানের মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি রয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে ফ্লাইট বাড়ানো হবে। সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য রয়েছে। তবে বিমান চলাচল বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলমের মতে, চুক্তি সইয়ের পর প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ করার সময় খুব বেশি নেই। নির্ধারিত সময়ে সব ব্যবস্থা প্রস্তুত করা বড় চ্যালেঞ্জ।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। প্রায় চার বছর পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো, দুই কোটি যাত্রীর ধারণ সক্ষমতার এই টার্মিনাল চালু করে বাংলাদেশ কতটা লাভবান হবে। যাত্রীদের বাড়তি মাশুল, ১৫ বছরের পরিচালনা চুক্তি, রাজস্ব ভাগাভাগি, নতুন বিমানবন্দরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং ঋণের কিস্তির চাপ সামলে এই মেগা অবকাঠামো রাষ্ট্রের জন্য কতটা আর্থিক সুফল বয়ে আনবে, সেটিই এখন বড় প্রশ্ন বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, ‘চুক্তির শর্তগুলো দেশের জন্য কতটা অনুকূল হবে এবং পরিচালন ব্যয় কেমন দাঁড়াবে, তা সময়ই বলে দেবে। বিশেষ করে নতুন নতুন বিদেশি এয়ারলাইনস এলে রাজস্ব বাড়তে পারে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের এভিয়েশন খাতে দেশি এয়ারলাইনসগুলো যেন নিজেদের মার্কেট শেয়ার ধরে রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। অন্যথায় বিদেশি ফ্লাইট বাড়লেও দেশীয় খাতের প্রকৃত প্রবৃদ্ধি না-ও হতে পারে।’