কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারী মুদ্রণ ব্যবসায়ীরাই ঘুরেফিরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই ছাপার কাজ পাচ্ছেন। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তারা কীভাবে কাজ পাচ্ছেন—এ নিয়ে উষ্মা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এবারের বই ছাপার কাজে দরপত্রে সমঝোতার মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা লুটপাট, বইয়ের মানে আপস করাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা।
পাশাপাশি গত ১৭ বছর ধরে সক্রিয় এই সিন্ডিকেটের দৌরাত্ম্য কেন বন্ধ করা যাচ্ছে না, তা জোরালোভাবে তদন্তের তাগিদ দিয়েছেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ও এই সিন্ডিকেটভুক্ত প্রতিষ্ঠানগুলোকে বই ছাপার কাজ দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে কাজ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের যুক্তি, এই সিন্ডিকেটের বাইরের ছাপাখানাগুলোর মানসম্মত বই ছাপানোর সক্ষমতা নেই। এ কারণে নির্ধারিত সময়ে বই ছাপা ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি সময়মতো বই সরবরাহে যাতে কোনো অজুহাত তৈরি না হয়, সে জন্য প্রয়োজনীয় শর্তও দেওয়া হয়েছে। বইয়ের মান নিশ্চিত করতে ছাপার কাজ সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এনসিটি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২৯ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ১৮১ কপি এবং নতুন চারটি বিষয়ে ১ কোটি ৫৬ লাখ ১১ হাজার ৯০৫টি কপিসহ মোট ৩০ কোটি ৯৬ লাখ ২ হাজার ৮৬টি পুস্তকের মুদ্রণ চলমান রয়েছে। ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির সাধারণ, দাখিল ও কারিগরি স্তরের ‘নিরাপদ পথে’ নামে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা বিষয়ক জ্ঞান সম্প্রসারণ এবং নিরাপদ সড়ক ব্যবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নতুন সম্পূরক পঠন সামগ্রী প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে বই ছাপার কাজ প্রায় শেষের পথে।
এনসিটিবির গতকাল বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের মধ্যে শতভাগ বই মাঠপর্যায়ে পাঠানোর অনুমতি পেয়েছে। আর প্রাথমিকের (১ম-৫ম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ, ইবতেদায়ির (১ম-৫ম শ্রেণি) ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের মধ্যে ৯৫.৩২ শতাংশ এবং মাধ্যমিক স্তরের (৬ষ্ট থেকে ১০ম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৮৬.০৯ শতাংশ বই ছাপার পর প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষে মাঠ পর্যায়ে পাঠানোর অনুমতি পেয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্যদের পাশাপাশি শিক্ষার সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
সভার কার্যবিবরণী থেকে দেখা যায়, কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়াসহ সব সদস্যই বই ছাপানোর সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন মুদ্রণ শিল্প সমিতির সভাপতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই এবং নৌকা প্রতীকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান মো. রাব্বানি জব্বার এবং সমিতির সাধারণ সম্পাদক অগ্রণী প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. কাউছার-উজ-জামান রুবেল, যিনি জুলাই গণহত্যা মামলার আসামি এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা বলে সভায় জানিয়েছেন কয়েকজন সদস্য। এর বাইরে আর কয়জন আওয়ামী লীগ অনুসারী ব্যবসায়ী ছাপার কাজ পেয়েছেন, তা বৈঠকে জানানো হয়নি। তবে তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্রণী প্রেসের মালিক কাউছার-উজ-জামান রুবেলের পরিবারের আরও দুটি প্রেস রয়েছে। এর মধ্যে কর্ণফুলী আর্ট প্রেসের মালিক হাসানুজ্জামান রবিন তার আপন ভাই। আর কচুয়া প্রেসের হুমায়ুন কবির তাদের ভগ্নিপতি। তারা আওয়ামী লীগ আমলে এ সেক্টরে সবচেয়ে প্রভাবশালী ছিলেন।
এনসিটিবি সূত্র জানায়, এবার অগ্রণী প্রেস ১ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৬৭১ কপি, কর্ণফুলী আর্ট প্রেস ১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ৩৬৯ কপি, কচুয়া প্রেস ৬৭ লাখ ৩৭ হাজার ১১৮ কপি বই ছাপার কাজ পেয়েছে। তাদের বাইরে আর কেউ এত বেশি কাজ পায়নি। আর রাব্বানি জব্বারের মালিকানাধীন আনন্দ প্রিন্টার্স লিমিটেড ৩১ লাখ ৪৯ হাজার ২৩৯ কপি বই ছাপার কাজ পেয়েছে। সবমিলিয়ে এবার ১১৭টি প্রেস বই ছাপার কাজ করছে।
শিক্ষা অডিট অধিদপ্তরের সর্বশেষ নিরীক্ষা অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে বই ছাপায় এনসিটিবিতে ২ হাজার ৭১১ কোটি ২০ লাখ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। এর মধ্যে উন্মুক্ত দরপত্র পদ্ধতি পরিহার করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করায় এনসিটিবিতে আর্থিক অনিয়ম হয়েছে ৮৯ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৬৯৭ টাকার। মাত্র একজন দরদাতা অংশগ্রহণ করলেও দরপত্র বাতিল না করে উচ্চ দরে বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৬১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৪১৫ টাকা। ২০২৫ শিক্ষা বছরের পাঠ্যবইয়ের ২২২টি লটের বিপরীতে প্রতিটি লটে বিভিন্ন নামে মাত্র একজন ঠিকাদার অংশগ্রহণ করেন। তারা প্রাক্কলিত দর অপেক্ষা উচ্চ দরে দরপত্র দাখিল করেন। কিন্তু তাদের রেসপনসিভ ঘোষণা করে কার্যাদেশ দেওয়া হয়। একই ঘটনা ঘটেছে চলতি অর্থবছরেও। আগামী শিক্ষাবর্ষের বই ছাপতে দরপত্র হয়েছে ৭০০টির বেশি। এরমধ্যে ৪৮৫টি দরপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২৩১টিতে দরদাতা ছিলেন একজন করে। তারাই কাজ পেয়েছেন। কোথাও আবার একই মালিকের একাধিক প্রতিষ্ঠান একই দরপত্রে অংশ নিয়েছে। এছাড়াও টেন্ডার চলমান অবস্থায় বাড়ানো হয় প্রাক্কলন দর। সবমিলিয়ে এসব অনিয়মের কারণে এবারও ২৫০ কোটি টাকারও বেশি সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে।
সভায় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ এমপি বলেন, বিগত সরকারের সময়ে ইন্ডিয়া হতে পাঠ্যপুস্তক ছাপিয়ে দেশে আনা হতো অনেকটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। বর্তমানে পাঠ্যপুস্তকসমূহ দেশের ছাপাখানায় মুদ্রিত হলেও দেশের বহুল প্রচারিত জাতীয় পত্রিকাগুলোতে পাঠ্যপুস্তকসমূহ মুদ্রণের বিষয়ে একাধিকবার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা মুদ্রণের কাজ পেয়েছিলেন তারাই আবার এ সরকারের সময়েও মুদ্রণের কাজ পেয়েছেন। এদের মধ্যে অনেকেই আছেন, যারা জুলাই আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
কমিটির আরেক সদস্য মো. জাহান্দার আলী মিয়া এমপি বলেন, ফ্যাসিস্ট সরকারের একজন অতি গুরুত্বপূর্ণ মন্ত্রীর ভাই এবং জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি কীভাবে এ ধরনের স্পর্শকাতর কাজের দায়িত্ব পেল, এর সঙ্গে এনসিটিবির কারা কারা জড়িত তা পর্যালোচনা করার জন্য জরুরি ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। আইনি কোনো বাধা না থাকলে টেন্ডার কার্যক্রম বাতিল কিংবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করার অনুরোধও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক সভায় বলেন, গত ১৭ বছরে এনসিটিবিতে যে সকল সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের হাত থেকে এনসিটিবিকে এখনো পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত করা যায়নি। কারণ তাদের সিন্ডিকেট বা প্রতিষ্ঠানের বাইরে মানসম্মত বই ছাপানোর মতো একটি ছাপাখানাও বর্তমানে নেই। বর্তমানে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়েছে তারা সমিতির নেতৃস্থানীয় লোক হলেও বই ছাপানোর স্বার্থে তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে এবং পারচেজ কমিটিতে দ্রুততার সঙ্গে প্রস্তাব পাস করা হয়েছে, যেন তারা নির্ধারিত সময়ে বই সরবরাহের বিষয়ে কোনো অজুহাত দেখাতে না পারেন।
সার্বিক বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, সরবরাহ কার্যক্রম অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি কাজ। এ কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন এবং অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সিনিয়র সচিবসহ জাতীয় গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা মহাপরিদপ্তরের মাধ্যমেও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়ে থাকে। তারপরও কোনো অনিয়ম উত্থাপিত হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বলেন, পাঠ্যবই ছাপানোর মতো সংবেদনশীল কাজের টেন্ডার কীভাবে বিগত সরকারের লোকজন পেল তা তদন্ত করা উচিত। এনসিটিবিসহ যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অভিযোগ উত্থাপিত হয়েছে পত্রপত্রিকায় সেগুলোর সত্যতা যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া প্রয়োজন।