৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় এমন ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ভুল বানানে ভরা প্রশ্নপত্র ছিল ভুল তথ্যেও ঠাসা। আর সেই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার আসরে প্রচণ্ড বিভ্রান্তিতে পড়ে যান পরীক্ষার্থীরা। যা নিয়ে সংশ্লিষ্ট মহলে শুরু হয় তীব্র সমালোচনা। স্বাভাবিকভাবেই এমন একটি স্পর্শকাতর পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে নিয়োজিতদের দায়িত্বে অবহেলার বিষয়টিও সামনে চলে আসে। সামাজিক যোগযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি এমন নেতিবাচক কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ উঠে আসতে দেখা যায়।
সংশ্লিষ্ট মহলসহ ভুক্তভোগীরা অভিযোগ করছেন, শুধু ভুল বা অবহেলা নয়, প্রশ্নপত্র তৈরিতে নির্ধারিত বিধি লঙ্ঘনেরও ঘটনা ঘটেছে। আর এসব অভিযোগ খোদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সদস্যের বিরুদ্ধেই। যিনি অর্পিত দায়িত্বে হেলা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ কম্পিউটারে প্রশ্ন পরিবর্তন, বিতর্কিতদের দিয়ে প্রশ্নপত্র তৈরিসহ একাধিক অনিয়মের আশ্রয় নিয়েছেন। এমন কর্মকাণ্ডের কারণে প্রশ্নপত্রে শতাধিক ভুলের দায় তিনি এড়াতে পারেন না বলে মনে করা হচ্ছে। এমনকি নিয়মের ব্যত্যয় ঘটানোর কারণে প্রশ্নের মান রক্ষা করাও সম্ভব হয়নি। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখেন দেশের উচ্চশিক্ষিত বিরাট জনগোষ্ঠী। এ ঘটনায় যারা মানসিকভাবে ক্ষতির শিকার হয়েছেন।
সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়ার কাছে দেওয়া এক অভিযোগপত্রে পরীক্ষার অনিয়মের তথ্য উঠে আসে। যেখানে বলা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি নিরাপত্তাবিধি না মেনে সিলগালাকৃত প্রশ্নপত্র সংরক্ষিত ব্যবস্থা থেকে নিজের ব্যবহৃত কম্পিউটারে স্থানান্তর করেন। সেখানে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি প্রশ্ন পরিবর্তন ও পরিবর্ধন করেন। অভিজ্ঞ অপারেটরের মাধ্যমে এসব কাজ না করায় প্রশ্নপত্রে শতাধিক ভুল থেকে যায়। একই সঙ্গে ব্যক্তিগত কম্পিউটারে প্রশ্নপত্র সংরক্ষণ করায় পিএসসি কর্মকর্তাদের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের সন্দেহও তৈরি হয়েছে।
এক বিসিএস পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্রে এত বানান ভুল দেখে অবাক হয়েছিলাম। অতিসাধারণ বানানও ভুল ছিল। বিসিএস পরীক্ষায় ভালো ফল করতে যেখানে পরীক্ষার্থীদের প্রমিত বানান জানতে হয়, সেখানে প্রশ্নপত্রেই ভুল থাকা লজ্জাজনক। প্রতিযোগিতামূলক এ পরীক্ষার প্রশ্নপত্রে এত বানান ভুল মোটেই কাম্য নয়।
পিএসসি চেয়ারম্যান বরাবর দেওয়া অভিযোগের বিষয়ে একাধিক কর্মকর্তা কালবেলাকে বলেন, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী প্রশ্ন প্রণয়নকারী এবং মডারেটররা নিজের হাতে প্রশ্নপত্র সিলগালা করে একটি সুরক্ষিত ট্রাংকে রেখে যান। যেটি অত্যন্ত সতর্কতার সঙ্গে ভল্টরুমে সংরক্ষিত থাকে। প্রশ্নপত্র ছাপানোর আগের দিনই কেবল নিরাপত্তা বিধি মেনে প্রিন্টিং রুমে নেওয়া হয়। যেখানে চেয়ারম্যান মনোনীত সদস্যদের উপস্থিতিতে ট্রাংকটি খোলা হয়। এরপর লটারির মাধ্যমে নির্ধারিত মডারেটেড প্রশ্নপত্র টাইপিং ও ফরম্যাটিংয়ের জন্য কম্পিউটার অপারেটরের কাছে হস্তান্তর করা হয়। সদস্যদের প্রয়োজনীয় পরীক্ষণ ও নিরীক্ষণ শেষে ফাইনাল ভার্সন প্রস্তুত হয়। চূড়ান্ত প্রশ্নপত্র পিএসসির সদস্যদের উপস্থিতিতে প্রিন্ট করা হয়। ৫০তম বিসিএসের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে এ ধারাবাহিকতা মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত সদস্য তার কম্পিউটার থেকে সরাসরি পেন ড্রাইভের মাধ্যমে প্রশ্নপত্র প্রিন্টিং রুমে নিয়ে যান এবং সরাসরি পেন ড্রাইভ থেকেই প্রিন্টিং প্রক্রিয়া শেষ করেন। এ বিষয়ে অন্য কয়েকজন সদস্য অনিয়মটি অবহিত করলেও অজ্ঞাত কারণে তৎকালীন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেননি।
এসব বিষয়ে পিএসসি কর্মকর্তারা অভিযোগ করে বলেন, অপরিপক্ব হাতে পরিবর্তনের কারণে প্রশ্নের মান রক্ষা করা সম্ভব হয়নি। এ ছাড়া অভিজ্ঞ অপারেটরের পরিবর্তে ব্যক্তিগতভাবে প্রশ্নপত্র চূড়ান্ত করায় শতাধিক ভুল থেকে যায়। এ ছাড়া প্রশ্নের ফরম্যাটিং সন্তোষজনক ছিল না।
ওই সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত প্রশ্নকারকদের দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে পিএসসির এক সদস্য বলেন, সম্প্রতি বিতর্কিত একজন প্রশ্নকারককে দিয়ে প্রশ্ন তৈরির পর চেয়ারম্যানের অনুমোদনের জন্য তিনি উপস্থাপন করেন, যা চেয়ারম্যান অনুমোদন করেননি। এ ছাড়া ওই সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন সংগ্রহের অভিযোগও শোনা যায়।
পিএসসির কর্মকর্তাদের অভিযোগ, মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাবেক চেয়ারম্যানের আমলে কতিপয় সদস্যের সমন্বয়ে কিচেন ক্যাবিনেটের আদলে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হতো। পিএসসির ওই সদস্য সেই কিচেন ক্যাবিনেটের একজন প্রভাবশালী সদস্য ছিলেন। এ কারণে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি তৎকালীন চেয়ারম্যান।
এদিকে, পিএসসি চেয়ারম্যান ছাড়াও এসব অনিয়ম খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব এবং বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের সচিবের কাছে অভিযোগ পাঠানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও অনুলিপি পাঠিয়ে ওই সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
পিএসসির সদস্যরা তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের বিরুদ্ধে বিষয়টি নিয়ে গাফিলতির অভিযোগ এনেছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে পিএসসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়ার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। পরবর্তীতে প্রশ্ন লিখে পাঠালে পিএসসির চেয়ারম্যানের বরাত দিয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, চেয়ারম্যান বরাবর এ রকম একটি অভিযোগ এসেছে। চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখছেন। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
পিএসসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম ফায়েজ বলেন, ‘বিসিএস পরীক্ষা খুবই স্পর্শকাতর বিষয়। এ পরীক্ষায় অনেক প্রতিযোগিতা থাকে। এর প্রশ্নপত্রও খুবই গুরুত্ব দিয়ে করা হয়। এ ধরনের কাজে ভুল বা গাফিলতির সুযোগ থাকা উচিত নয়। এরপরও কোনো গাফিলতি হলে অবশ্যই গুরুতর অপরাধ বলে মনে করি। বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা উচিত। যেহেতু অভিযোগ উঠেছে, তাই কেন এমনটি হলো, কী কারণে ও কী উদ্দেশে করা হলো, কোথায় ভুল ছিল এবং এর ফলে শিক্ষার্থীদের কতটা ভোগান্তি হয়েছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। পাশাপাশি এ ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সেটিও বিবেচনায় নিতে হবে। তবে তদন্তের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা করা যাবে না। স্বল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’