Image description
সর্বশেষ কাউন্সিল হয় ২০১৬ সালে

এক দশকেও সম্মেলন করতে না পারা বিএনপি ডিসেম্বরেও জাতীয় কাউন্সিল করতে পারছে না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি, দলীয় বিশেষ দিবস এবং বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মোট পাঁচটি প্রধান কারণে আগামী মাসে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাশাপাশি প্রায় সব অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটিও মেয়াদোত্তীর্ণ। বিগত দিনে বারবার উদ্যোগ নিয়েও দলের কেন্দ্রীয় কাউন্সিলসহ

অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন শেষ করতে পারেনি বিএনপি। ফলে জুলাই গণঅভ্যুত্থানের পর বেশিরভাগ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, ডিসেম্বরে হচ্ছে না বলে কাউন্সিল হবে না, বিষয়টি এমন নয়। শিগগির দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে বিএনপির জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ বছরেও হয়নি বিএনপির কেন্দ্রীয় সম্মেলন। সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। তা ছাড়া বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান রসদ জোগানদাতা দুটি সহযোগী ও ৯টি অঙ্গসংগঠনের সাংগঠনিক অবস্থাও যেন বেহাল। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি না হওয়া এবং মেয়াদ ফুরানোর ঠিক আগমুহূর্তে যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গত শনিবার প্রায় ১৩ বছর পর জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দেওয়া হলেও তা নিয়ে ক্ষোভ-বিতর্ক তৈরি হয়েছে। অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে গ্রুপিং-কোন্দলে বিপর্যস্ত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। প্রায় দুই বছরের বেশি সময় কেন্দ্রীয় কমিটি নেই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের। মেয়াদহীন কমিটি দিয়েই চলছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল এবং কৃষক দল। এসব গুরুত্বপূর্ণ সংগঠনের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছে। চেইন অব কমান্ড ভেঙে পড়ায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

এসব সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী দুই বছরের বেশি সময়েও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো গুছিয়ে আনতে না পারা বিএনপির জন্য খুবই নেতিবাচক দিক। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর বিএনপির সাংগঠনিক অবস্থা আরও এলোমেলো। এরই মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে কোন্দল গ্রুপিং দৃশ্যমান হয়েছে।

কথা ছিল ‘যারা এমপি-মন্ত্রী বা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদেরকে দলীয় পদে রাখা হবে না। বরং নতুন মুখ দিয়ে কমিটি গঠন করা হবে।’ কিন্তু অতিসম্প্রতি কিছু ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতে সিটি করপোরেশনের প্রশাসক ও এমপিকে দিয়ে কমিটি করেছে বিএনপি, যা তৃণমূলের অনেকেই অস্বাভাবিক মনে করছেন। তারা জানান, দল পরিচালনায় এ অবস্থা চলতে থাকলে সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জটিলতা আরও প্রকট হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে মূল দল বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর কমিটি হালনাগাদ করা এখন সময়ের দাবি। তবে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব খবর রাখছেন। তিনি যখন ভালো মনে করবেন তখন তিনি সিদ্ধান্ত নেবেন। কমিটি পূর্ণাঙ্গ থাক না থাক, কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না।

৫ কারণে হচ্ছে না বিএনপির কাউন্সিল: খোঁজ নিয়ে জানা যায়, তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। গত ১১ জুলাই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক একাধিক কর্মসূচির কারণে ডিসেম্বরে জাতীয় সম্মেলন করতে পারছে না দলটি। তবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে আলোচনা সাপেক্ষে কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সংশ্লিষ্টরা জানান, পাঁচটি মৌলিক কারণে ডিসেম্বরে বিএনপির কাউন্সিল হচ্ছে না। এই পাঁচটি কারণ হচ্ছে—(১) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আগমন; (২) ডিসেম্বরের মাঝামাঝি মালদ্বীপের প্রেসিডেন্টের সফর; (৩) একই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস; (৪) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং (৫) সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি।

সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে রাষ্ট্রীয় ও প্রশাসনিক ব্যস্ততা থাকবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট যোগ দিতে পারেন। ফলে বিদেশি রাষ্ট্রপ্রধানদের এই সফর ও রাষ্ট্রীয় প্রটোকলের কারণে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়টি সরকারের জন্য অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। আগামী ২৫ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি উপলক্ষে দলীয়ভাবে বিশেষ কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে বিএনপির। আগামী ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। শোকাবহ এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মীরা ব্যস্ত থাকবেন। তা ছাড়া অতিসম্প্রতি দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড ও সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণেও কাউন্সিল আয়োজনের অনুকূল পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারকরা। সব মিলিয়ে, ডিসেম্বর মাসজুড়ে একদিকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফর ও রাষ্ট্রীয় ব্যস্ততা, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিবস ও শোকাবহ স্মৃতি এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণেই চলতি বছর ডিসেম্বরে বিএনপির কাউন্সিল আয়োজন সম্ভব হচ্ছে না। পরবর্তী সুবিধাজনক সময়ে কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী গতকাল কালবেলাকে বলেন, ডিসেম্বরে বিএনপির জাতীয় সম্মেলন আয়োজনের একটি প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে বিভিন্ন অনিবার্য কারণে সেটি ডিসেম্বরে হচ্ছে না। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে সম্মেলন হচ্ছে না মানে এই নয় যে, কাউন্সিল হবে না? খুব শিগগির দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার ভিত্তিতে সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কী অবস্থা: বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে। তার মধ্যে ৯টি অঙ্গসংগঠন হচ্ছে—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও মহিলা দল। সহযোগী সংগঠন দুটি হলো জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দল। এসব সংগঠনের বেশিরভাগের কমিটি মেয়াদোত্তীর্ণ। দীর্ঘ সময়েও জেলা শাখা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি হালনাগাদ শেষ করতে না পারায় অনেক ত্যাগী ও যোগ্য নেতাকর্মী দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। কেউ কেউ দীর্ঘদিন পর অঙ্গসংগঠনে পদ পেয়ে নামকাওয়াস্তে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দায় সারছেন। তা ছাড়া অনেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেদের ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ-হতাশার কথা জানাচ্ছেন। তবে ওলামা দল নতুন কমিটি দিয়ে চলছে।

নতুন কমিটি নিয়ে ছাত্রদলে স্থবিরতা: জানা যায়, বিএনপির আন্দোলনের অন্যতম চালিকাশক্তি জাতীয়তাবাদী ছাত্রদল। ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক (৫ সদস্য) কমিটির দায়িত্বভার পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এরপর ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে গত ১৩ আগস্ট রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। উল্লেখ্য যে, ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে গত বছরের ২৮ ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ হয়েছে। তখন থেকেই লবিং, তদবির ও সিনিয়র নেতাদের মন জোগাতে সময় দিচ্ছেন পদপ্রত্যাশী অনেকে। ছাত্রদলের নতুন কমিটি এখন প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে। যে কোনো সময় আসতে পারে নতুন কমিটির ঘোষণা।

মেয়াদ শেষের সময়ে যুবদলের কমিটি পূর্ণাঙ্গ: জানা গেছে, ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের ৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় (আংশিক) কমিটির সভাপতি হন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হন নুরুল ইসলাম নয়ন। পরবর্তী সময়ে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার কথা থাকলেও সেটি দেওয়া হয়েছে গত ৪ জুন। ফলে দীর্ঘ সময় ধরে পদবঞ্চিতের সংখ্যা আরও বেড়েছে। সেইসঙ্গে ৫ আগস্টের পর যুবদলের বেশকিছু নেতার বিরুদ্ধে প্রভাব বিস্তার ও দখল-চাঁদাবাজির অভিযোগ ওঠে। তা ছাড়া যুবদলের সাধারণ সম্পাদক ভোলা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মেয়াদ ফুরানোর সময় যুবদলের কেন্দ্রীয় কমিটি দেওয়া প্রসঙ্গে পদপ্রত্যাশীরা বলছেন, দীর্ঘদিন পরও নতুন কমিটি না দিয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়াটা চরম লজ্জাজনক। দলের নীতিনির্ধারকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে সাংগঠনিকভাবে যুবদল আরও ক্ষতিগ্রস্ত হবে।

মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দল: ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় (আংশিক) কমিটি হয়। পরে ২৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হলেও এখনো ৩৭টি পদ শূন্য। এর মধ্যেই মেয়াদ শেষ হয়েছে স্বেচ্ছাসেবক দলের। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ-৩ এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান বরিশাল-৪ আসনে এমপি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক এখন সরকারের একজন প্রতিমন্ত্রী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র সংসদ নির্বাচন করে পরাজিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত ৪ জুলাই রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তিন নেতা। বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন কমিটি ঘোষণার আভাস দেন বিএনপির হাইকমান্ড।

এক দশকেও নেই মহিলা দলের কমিটি: বিএনপির অঙ্গসংগঠনগুলোর অন্যতম হচ্ছে জাতীয়তাবাদী মহিলা দল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের মহিলা দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর আর কাউন্সিল করতে পারেনি। ২০১৯ সালের ৪ এপ্রিল সংগঠনটির ২৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যা বর্তমানে মেয়াদোত্তীর্ণ। এর পরও বিভিন্ন জেলা শাখা কমিটি গঠন করা হচ্ছে। এর মধ্যে সাধারণ সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ না থাকায় সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। মহিলা দলের কয়েকজন কেন্দ্রীয় নেত্রী আলাপকালে জানান, ৮ বছরেও মহিলা দলের কেন্দ্রীয় কমিটি হয়নি। সবাই এখন নতুন কমিটি চায়। দীর্ঘদিন ধরে যারা কষ্ট করে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছে তারাও চাচ্ছে একটা পদ ও পরিবর্তন। কিন্তু শীর্ষ নেত্রীদের রূঢ় আচরণে নতুনরা ক্ষুব্ধ।

জাসাসে হযবরল অবস্থা: খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) তাদের ঐতিহ্য হারাচ্ছে। গত ১৭ বছরে জাসাসের কর্মকাণ্ড নেই বললেই চলে। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর ড. মামুন আহমেদ ও হেলাল খান নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়। আবারও হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে ২০২১ সালের ৬ নভেম্বর ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়। তবে জাসাসের নতুন কমিটি গঠনের পর ব্যাপক বিতর্ক তৈরি হয়। নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। অযোগ্য ও নিষ্ক্রিয়দের দিয়ে কমিটি করা হয়েছে দাবি করে তা বিলুপ্ত চেয়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চিঠি দেয় বিক্ষুব্ধ একটি গ্রুপ। জাসাসের কমিটিও মেয়াদহীন।

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক: ১৯৭৯ সালের ৩ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল। দীর্ঘদিন ধরে কমিটি হালনাগাদ না হওয়ায় সংগঠনটির অবস্থা নাজুক। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ও ২০ এপ্রিল জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় কাউন্সিলে আনোয়ার হোসাইন সভাপতি ও নূরুল ইসলাম খান নাসিম নেতৃত্বাধীন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি হয়। সেক্রেটারি নাসিম বহুদিন নিষ্ক্রিয় ও অসুস্থ। গত ২১ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও পাবনা-৫ আসনের এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসকে দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে ১৯ জনকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। যারা অতীতে সক্রিয় ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। এমন নেতাদের তালিকায় রয়েছেন শ্রমিক দলের সদ্য সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর দক্ষিণের সাবেক নির্বাচিত সভাপতি কাজী মো. আমির খসরু ও সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ বাদল। তারা দুজনেই অনেকগুলো মিথ্যা মামলায় জেল খেটেছেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তাদের মতো অনেককেই নতুন কমিটিতে পদ তো দেওয়া হয়নি, এমনকি জিজ্ঞাসাও করা হয়নি।

মুক্তিযোদ্ধা দলের কমিটিও মেয়াদহীন বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ১৯৯২ সালের ২৫ আগস্ট এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা দলের সর্বশেষ কাউন্সিল হয় ২০১৩ সালের ২৪ ডিসেম্বর। ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রয়েছেন ইশতিয়াক আজিজ উলফাৎ ও সাদেক খান। এ সংগঠনেরও কমিটিও মেয়াদোত্তীর্ণ।

তাঁতী দলের কমিটি মেয়াদোত্তীর্ণ: ২০১৯ সালের ৬ এপ্রিল আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মো. মজিবুর রহমানকে সদস্য সচিব ১২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা মেয়াদোত্তীর্ণ।

কমিটিই নেই মৎস্যজীবী দলের: ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রহিমকে সদস্য সচিব করে ১৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাতে মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মারা যান। একপর্যায়ে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর মৎস্যজীবী দলের কমিটি ভেঙে দেওয়া হয়। সংগঠনটির সাবেক সদস্য সচিব আবদুর রহিম কালবেলাকে বলেন, বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মৎস্যজীবী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর হাসিনাবিরোধী আন্দোলনে অকুতোভয় ভূমিকা রেখেছে। দুজন নিহত হওয়া ছাড়াও এ সংগঠনের অসংখ্য নেতাকর্মী আহত এবং হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। স্বৈরাচার পতনের দুই বছরেও কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেই। তবু মৎস্যজীবী দল অবিচ্ছিন্নভাবে বিএনপি ঘোষিত সব কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে এই সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন সময়ের দাবি।

মেয়াদ নেই কৃষক দলের কমিটিরও: ২০২১ সালের ৭ ডিসেম্বর হাসান জাফির তুহিনকে সভাপতি ও ছাত্রদলের সাবেক নেতা শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কৃষক দলের কমিটিও মেয়াদোত্তীর্ণ। তা ছাড়া দলটির সভাপতি হাসান জাফির তুহিন বর্তমানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।