Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন, সাংগঠনিক তৎপরতা ও সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেছেন, “এখনই সতর্ক না হলে আওয়ামী লীগ নতুন করে ‘রক্ষীবাহিনী’ গড়ে গুপ্তহত্যা শুরু করতে পারে। এ জন্য দলটির সাংগঠনিক তৎপরতা, অর্থায়ন ও সহিংসতার নেটওয়ার্ক সম্পর্কে সরকারকে সতর্ক থাকতে হবে।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জেডিপি ও সমমনা চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন নাঈম আহমাদ। তিনি বলেন, ‘এ দলগুলো নিজেদের জনগণের ঠিকাদার মনে করে। বাস্তবতা হলো, কোনো রাজনৈতিক দল এককভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে ছাত্র-জনতা তথা আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি গণভোটের জনরায় উপেক্ষা করে ইতোমধ্যে জনগণের সঙ্গে মশকরা করেছে। অন্যদিকে, জামায়াত ও এনসিপি গণবিরোধী বিএনপির সঙ্গে ঐক্য গড়ে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলার কথা বলছে। বাস্তবে জনরোষ ছাড়া আওয়ামী লীগকে মোকাবিলা করার নৈতিক শক্তি বিএনপি, জামায়াত কিংবা এনসিপি—কোনো দলেরই নেই।’

ফ্যাসিবাদী শাসনামলের অপরাধের বিচার ও জাতীয় পুনর্মিলন প্রসঙ্গে নাঈম আহমাদ বলেন, “সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ এবং এনসিপি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। রাজনৈতিক দলগুলো ইশতেহারে প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নের বিষয়ে জনগণের সামনে সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরছে না।”

তিনি বলেন, “জাতিসংঘের পরামর্শে ‘ট্রানজিশনাল জাস্টিস’ বা অন্তর্বর্তী ন্যায়বিচারের ধারণাটি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগযোগ্য কি না, তা-ও যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়নি।”

বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যান্য সংস্কার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জেডিপির আহ্বায়ক বলেন, ‘পুলিশ কমিশন গঠন, ন্যায়পাল নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন এবং সংসদে আলোচনার মাধ্যমে স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছিল বিএনপি। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জনগণের কাছে দলটির জবাবদিহি থাকতে হবে।’

নাঈম আহমাদ বলেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। আবার দায়মুক্তির নামে অপরাধীদের পুনর্বাসনও চাই না। বিচার ছাড়া পুনর্মিলন সম্ভব নয়, আর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া গণতন্ত্রের স্থায়িত্ব সম্ভব নয়।’

বাংলাদেশের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানে সত্য উদ্‌ঘাটন, ন্যায়বিচার, জবাবদিহি ও জাতীয় পুনর্মিলনের একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে জেডিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সুযোগ ছিল ভারতের। কিন্তু প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে ভারত সেই সম্ভাবনা নষ্ট করছে।’

 

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে পলাতক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব সন্ত্রাসীকে অবিলম্বে দেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘পতিত ফ্যাসীবাদী শক্তির মদদে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিষ্ট সরকারের সমর্থকরা এসব সন্ত্রাসের মাধ্যমে তারা কী অর্জন করতে চায়?’

তিনি আরও বলেন, ‘পতিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে যে জাতীয় ঐক্য রয়েছে তাকে আরও সুদৃঢ় করতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদেরও সচেতন থাকতে হবে।’

জেডিপি, বাংলাদেশ মঞ্চ, মাতৃভূমি সুরক্ষা আন্দোলন ও জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।