ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রেভিনিউ সুপারভাইজার আহম্মেদ মুশফিকুর রহমান। অঞ্চল-৮-এ কর্মরত ছিলেন তিনি। চাকরিতে যোগদানের তিন বছরের মাথায় তাকে উপকর কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএসসিসির পুরোনো কর্মচারী অঞ্চল-১-এর বাজার সুপারভাইজার ভূঁইয়া মো. ইমদাদ ও মনির হোসেনও দায়িত্ব পেয়েছেন উপকর কর্মকর্তা পদে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনের মূল পদ ১৪তম গ্রেডের তৃতীয় শ্রেণির। তাকে দেওয়া হয়েছে নবম গ্রেডের প্রথম শ্রেণির উপকর কর্মকর্তা পদের চলতি দায়িত্ব। একই বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. লোকমান হোসেনও ১৪তম গ্রেডের তৃতীয় শ্রেণির কর্মচারী। তিনিও এখন উপকর কর্মকর্তা পদের চলতি দায়িত্ব পালন করছেন। অর্থাৎ নিজ পদে তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও দায়িত্ব পালন করছেন নবম গ্রেডের প্রথম শ্রেণির কর্মকর্তার।
শুধু এ কয়েকজনই নন, এভাবে ২০ জনের বেশি তৃতীয় শ্রেণির কর্মচারীকে বসানো হয়েছে প্রথম শ্রেণির উপকর কর্মকর্তার চেয়ারে। তাদের মধ্যে রয়েছেন অঞ্চল-৪-এর বাজার সুপারভাইজার মো. আতিকুর রহমান, রাজস্ব সুপারভাইজার মো. ইদ্রিস আহমেদ, এ বি এম নিজাম উদ্দিন, মো. আমজাদ হোসেন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও মো. হেলাল হোসেন, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক রেহানা আক্তার, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, মিজ্ রোমানা আক্তার, মো. নুরুজ্জামান, মো. আবদুল খালেক ও ব্যক্তিগত সহকারী মো. জিল্লল হোসেন তরফদার। এ ছাড়া, অন্যান্য গ্রেডের কর্মচারীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে ২ থেকে ৩ গ্রেড ওপরে। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এরই মধ্যে ১৪ জনকে আগের দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুসন্ধানে জানা গেছে, ডিএসসিসির সচিব মশিউর রহমান খান চলতি দায়িত্বের মহোৎসব শুরু করেছেন। এর সঙ্গে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সহকারী একান্ত সচিব ফারুকুল ইসলাম সেলিমের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তার মাধ্যমে প্রশাসকের সম্মতি নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, এ চক্রের মাধ্যমে ডিএসসিসিতে এক প্রকার হাঁকডাঁক করে চলতি দায়িত্ব ‘বিক্রি’ করা হচ্ছে। প্রতি পদের বিপরীতে বড় অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে। যারা দাবীকৃত অর্থ দিতে পারেননি, তাদের চলতি দায়িত্ব দেওয়া হয়নি। আশ্বাস দিয়েও অভিজ্ঞ অনেক কর্মচারীকে শুধু টাকার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। এ কার্যক্রমে শুধু আইন-বিধিকেই নয়, বিভাগীয় প্রধানদেরও পাশ কাটিয়েছে চক্রটি। এ সুবিধা থেকে বাদ পড়েননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সঙ্গে সরাসরি জড়িত থাকা কর্মচারীরাও। কৌশলে সরকারদল সমর্থক অনেককেই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বঞ্চিতদের ভাষ্য, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাদের কাছ থেকে টাকা দাবি করতে পারবে না—এমন ‘চক্ষুলজ্জায়’ তাদের এসব দায়িত্ব দেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার নগর ভবনে শ্রমিক দলের নেতাকর্মীরা সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে নিয়মনীতি না মেনে চলতি দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আদেশ বাতিলের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে কয়েকটি আদেশ বাতিল করা হয়।
অদক্ষ শ্রমিক ১৪তম গ্রেডের দায়িত্বে: ৪৭ নম্বর ওয়ার্ডের অদক্ষ শ্রমিক তৌহিদুল ইসলামকে মার্কেট সেলের কার্যসহকারী করা হয়েছে। একইভাবে অঞ্চল-১-এর অদক্ষ শ্রমিক মো. রাসেলকে অঞ্চল-৭-এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অদক্ষ শ্রমিকরা সাধারণত দৈনিক মজুরিভিত্তিক হয়ে থাকেন। অস্থায়ী চাকরি হওয়ায় তাদের কোনো গ্রেড থাকে না। অন্যদিকে, কার্যসহকারী পদটি ১৬তম গ্রেডের।
এদিকে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়েও একরকম ছেলেখেলা করা হয়েছে। ইলেকট্রিশিয়ান ও অফিস সহকারীকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন সহকারী মিজ্ লিনা খানমকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো পদের জন্য উপযুক্ত দক্ষতা ও জ্যেষ্ঠতা না থাকলে কোনো অদক্ষ বা কম দক্ষ কর্মচারীকে সাময়িকভাবে বা চলতি দায়িত্বে ১৪তম কিংবা অন্য কোনো গ্রেডের দায়িত্ব দেওয়ার আইনি সুযোগ বা প্রশাসনিক বৈধতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘শূন্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা, ২০২৩’ অনুযায়ী, চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর ফিডার পদের যোগ্যতা, জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনা করতে হয়। নীতিমালার ৮(২) অনুচ্ছেদের বিশেষ পরিস্থিতিতে অব্যবহিত নিম্নপদেরও এক ধাপ নিচের পদধারীকে দায়িত্ব দিতে হলে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটির অনুমোদন ও অফিস প্রধানের প্রত্যয়ন প্রয়োজন। ফলে এসব শর্ত উপেক্ষা করে দায়িত্ব দেওয়া হলে তা নীতিমালার ব্যত্যয় হবে।
একাধিক কর্মচারী দাবি করেছেন, চলতি দায়িত্ব পেতে দক্ষতা বা যোগ্যতা প্রাধান্য পায়নি। যিনি টাকা দিতে পেরেছেন, তাকেই দেওয়া হয়েছে ‘লোভনীয়’ পদে দায়িত্ব। তারা আরও জানিয়েছেন, ডিএসসিসিতে সহকারী সমাজকল্যাণ কর্মকর্তাসহ দশম, দ্বাদশ ও ত্রয়োদশ গ্রেডের অনেকেই আছেন, যারা পদোন্নতির যোগ্য। কিন্তু তাদের চলতি দায়িত্ব না দিয়ে তুলনামূলক জুনিয়র ও নিচের পদের কর্মচারীদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। যোগ্যদের উপেক্ষা করে এভাবে গ্রেড ও পদমর্যাদার বিধান লঙ্ঘন করায় ডিএসসিসির অভ্যন্তরীণ প্রশাসনে চরম ক্ষোভ, হতাশা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
ইলেকট্রিশিয়ান ও কার্যসহকারী পেলেন উপসহকারী প্রকৌশলীর চলতি দায়িত্ব: বিদ্যুৎ সার্কেলের ইলেকট্রিশিয়ান ও কার্যসহকারী পদ থেকে ছয়জন উপসহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন। গত আগস্টে দুটি পৃথক আদেশের মাধ্যমে এ দায়িত্ব বণ্টন করা হয়। ইলেকট্রিশিয়ান গাজী মোহাম্মদ রাহাতকে অঞ্চল-৯ এ, অঞ্চল-৪ এর ইলেকট্রিশিয়ান দিপু কুমার দাসকে অঞ্চল-৬-এর বিদ্যুৎ উপশাখায়, অঞ্চল-২-এর ইলেকট্রিশিয়ান তাইজুল ইসলামকে অঞ্চল-৭ এ, অঞ্চল-২-এর মো. আনিছুর রহমানকে একই অঞ্চলে, বিদ্যুৎ সার্কেলের ইলেকট্রিশিয়ান মো. মামুনকে অঞ্চল-৯ এ এবং অঞ্চল-৩-এর কার্যসহকারী মো. মাহবুবুর রহমান একই অঞ্চলে উপসহকারী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
‘স্যারদের খুশি’ করতে পারলে এক বছরেই পাঁচ ধাপ ওপরের দায়িত্ব: সংস্থাটির একটি বিভাগের দ্বিতীয় সারির এক কর্মকর্তা কালবেলাকে বলেন, চলতি দায়িত্বের নামে এখন যা হচ্ছে, সিটি করপোরেশনের ইতিহাসে তা নজিরবিহীন। যখন যাকে খুশি, তাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো আদেশ আসছে, হয় চলতি দায়িত্ব, নয়তো বদলি। কোনোটাই টাকা ছাড়া হচ্ছে না। এমনকি চাকরি ফিরে পেতে পরিচ্ছন্নতাকর্মীদের টাকা দিতে হয়েছে। অদক্ষ শ্রমিককেও দায়িত্ব দেওয়া হয়েছে ১৪তম গ্রেডের পদে। এগুলো স্থায়ী পদোন্নতি না হলেও পেশাদার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিব্রতকর।
চলতি দায়িত্ব না পাওয়া এক কর্মচারী বলেন, ‘আমরা এখানে প্রায় ২০ বছর ধরে চাকরি করছি। আমাদের কাউকে কোনো দায়িত্ব দেওয়া হলো না। আমার অধীনে কাজ করা কয়েক দিন আগে নিয়োগ পাওয়া একজন কর্মচারীকে প্রথম শ্রেণির কর্মকর্তার চেয়ারে বসানো হয়েছে। অফিসের প্রটোকল রক্ষা করতে গেলে এখন তাকে আমার ‘স্যার’ ডাকতে হবে।’
এদিকে, চলতি দায়িত্ব পাওয়া ৯ জন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। তাদের অনেকেই টাকা লেনদেনের বিষয়টি এড়িয়ে গেছেন। তবে তাদের একজন বলেন, ‘এগুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আমাকে একটু বড় পদে দিয়েছেন, এজন্য স্যারদের খুশি করেছি।’
একইভাবে ‘স্যারদের খুশি’ করতে না পারলে জ্যেষ্ঠ ও দক্ষ কর্মকর্তারাও পান না কাঙ্ক্ষিত পদ। অন্তত পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে রাশেদুর রহমান রাসেলকে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে চলতি বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পরিদর্শক থেকে দশম গ্রেডের পরিচ্ছন্ন কর্মকর্তা পদে পদোন্নতি পান রাসেল। এর এক থেকে দুই মাসের মধ্যে তাকে নবম গ্রেডের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। এবার তাকে ষষ্ঠ গ্রেডের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে চলতি বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ডিএসসিসি। এই দায়িত্ব পেলে এক বছরে অন্তত পাঁচ ধাপ ওপরে দায়িত্ব পাবেন রাসেল।
ডিএসসিসির ২০১৯ সালের চাকরি বিধিমালার তপশিল অনুযায়ী, উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে পদোন্নতির যোগ্যতা হিসেবে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা নির্ধারিত রয়েছে। তবে এটি নিয়মিত পদোন্নতির যোগ্যতা; চলতি দায়িত্বের ক্ষেত্রে একই শর্ত বাধ্যতামূলক কি না, তা সংশ্লিষ্ট বিধান ও নীতিমালা অনুযায়ী পৃথকভাবে বিবেচনা করতে হবে। চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নীতিমালার শর্ত অনুযায়ী যোগ্যতা ও জ্যেষ্ঠতা বিবেচনা করতে হয়। ৮(২) অনুচ্ছেদের বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হলে পদোন্নতি কমিটির অনুমোদন ও অফিসপ্রধানের প্রত্যয়ন প্রয়োজন।
প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ও তদবিরের মাধ্যমে একের পর এক গুরুত্বপূর্ণ পদে চলতি দায়িত্ব বাগিয়ে নিচ্ছেন রাসেল। অভিযোগ রয়েছে, এসব দায়িত্বের প্রভাব খাটিয়ে পরিচ্ছন্নতাকর্মীসহ অধস্তন কর্মচারী ও কর্মকর্তাদের চাপের মধ্যে রাখেন এবং নানা অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা হাতিয়ে নেন। অথচ উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদের জন্য তার চেয়ে জ্যেষ্ঠ চার-পাঁচজন কর্মকর্তা রয়েছেন। তাদের উপেক্ষা করে রাসেলকে এ দায়িত্ব দেওয়ার উদ্যোগে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সচিব দপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন, সংস্থাকে গতিশীল ও সচল রাখতে চাহিদা অনুযায়ী চলতি দায়িত্ব দেওয়া যায়। নিয়ম মেনে সেই দায়িত্ব দিতে গিয়ে কোনো সংস্থাই পুরোপুরি নিয়ম মানতে পারে না।
ডিএসসিসির ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটিতে (ডিপিসি) মেয়র অথবা প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকার কথা। নাম প্রকাশ না করার শর্তে ডিপিসির একজন সদস্য নিশ্চিত করেছেন, চলতি দায়িত্বের বিষয়ে কোনো মিটিং হয়নি। এখানে আইন-নীতিমালা কোনো বিবেচ্য বিষয় নয়, সচিবের ইচ্ছামতো অর্ডার জারি করা হচ্ছে। পদাধিকার বলে এই কমিটির সদস্য হয়ে থাকেন ডিএসসিসির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা। আলাপকালে সংস্থাটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুর বলেন, ‘এ ধরনের কোনো মিটিং সম্পর্কে আমার জানা নেই। এমন কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয়নি।’
জানতে চাইলে সচিব মশিউর রহমান খান কালবেলাকে বলেন, করপোরেশনের প্রশাসকের দপ্তরের নির্দেশে আইন-কানুন দেখে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি। সব আদেশেই আমার স্বাক্ষর থাকে, এ কারণে অনেকে মনে করেন এই ব্যক্তি স্বাক্ষর করেছেন তাহলে হয়তো এটি তিনিই করেছেন। প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা একটি ফাইল অনুমোদন করলে আমি সেটার সরকারি আদেশ (জিও) করি। তৃতীয় শ্রেণির কর্মচারী কখনো প্রথম শ্রেণির কর্মকর্তার দায়িত্ব পেতে পারেন না। এটা অসম্ভব। সবকিছু আইন মেনে হচ্ছে কি না, এটা দেখা আমার কাজ।
তিনি আরও বলেন, প্রথমে দুটি অভিযোগ পেয়েছিলাম তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এরপর দুটি আদেশই বাতিল করেছি। পরবর্তী সময় লাইসেন্স ও বিজ্ঞপন সুপারভাইজার পদে ৮-৯টি আদেশ বাতিল করা হয়েছে।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খয়বর রহমান কালবেলাকে বলেন, এ সংক্রান্ত কিছু বিষয় আমিও শুনেছি। তবে নিয়মকানুন মেনেই চলতি দায়িত্ব দেওয়ার কথা। যাচাই-বাছাই করে কয়েকটি বিতর্কিত আদেশ বাতিল করা হয়েছে। শিগগির নিয়োগ কমিটি করা হচ্ছে। পরে নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে প্রশাসকের সহকারী একান্ত সচিব ফারুকুল ইসলাম সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সচিব দপ্তরের কাজ। ওখানে কী হয়েছে, সেটা আমরা জানি না। তবে চলতি দায়িত্ব নিয়ম মেনেই দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
আইন ও বিধিমালা লঙ্ঘন: ডিএসসিসির ‘উপকর কর্মকর্তা’সহ একাধিক পদে কোনো ধরনের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) বা পদোন্নতি বোর্ডের সুপারিশ ছাড়াই চলতি দায়িত্ব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘শূন্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা, ২০২৩’-এর অনুচ্ছেদ ৩, ৫ ও ৮ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব চাকরি বিধিমালা লঙ্ঘন করে এসব দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
নীতিমালার ৮(১) অনুযায়ী, সমপদধারীদের মধ্য থেকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া সম্ভব না হলে শূন্য পদের ফিডারভুক্ত অব্যবহিত নিম্নপদধারীদের মধ্য থেকে জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে চলতি দায়িত্ব দেওয়া যায়। তবে অব্যবহিত নিম্নপদধারীদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব না হলে ৮(২) অনুচ্ছেদের শর্তে তারও এক ধাপ নিচের পদধারীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটির অনুমোদন এবং মধ্যবর্তী পদ শূন্য থাকা বা অব্যবহিত নিম্নপদে উপযুক্ত কর্মচারী না থাকার বিষয়ে অফিসপ্রধানের প্রত্যয়ন বাধ্যতামূলক। এ ছাড়া ছয় মাসের বেশি চলতি দায়িত্ব দিতে হলে নির্ধারিত সময়ের মধ্যে পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন নিতে হয়।
সরকারের সাবেক সচিব আবু আলম শহীদ খান কালবেলাকে বলেন, ‘দীর্ঘদিন পদোন্নতি না হলে তাকে চলতি দায়িত্ব দেওয়া যায়। কিন্তু তৃতীয় শ্রেণির কর্মচারীকে প্রথম শ্রেণির কর্মকর্তার দায়িত্ব দেওয়া যায় না। সর্বোচ্চ এক ধাপ ওপরে দেওয়া যেতে পারে। দ্বিতীয় শ্রেণির হলে প্রথম শ্রেণিতে চলতি দায়িত্ব দেওয়া যায়। তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
জানতে চাইলে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম কালবেলাকে বলেন, সিটি করপোরেশনে কর্মকর্তাদের চলতি দায়িত্ব প্রদানে কোন দপ্তরে কাকে নিয়ম বহির্ভূতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।