Image description
প্রতি মাসে অর্ধকোটি টাকা চাঁদা আদায়, অতিষ্ঠ মৎস্যজীবীরা * নীরব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ফিশ ল্যান্ডিং সেন্টার বা মৎস্য অবতরণ কেন্দ্র হিসাবে পরিচিত চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এখন চাঁদাবাজদের নিয়ন্ত্রণে। স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ নবাব খান ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রতিদিন দেড় লাখ টাকার বেশি চাঁদা আদায়ের অভিযোগ করেছেন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। তাদের দাবি, মাছের ট্রলার, পরিবহণ, আড়ত, দোকান ও প্যাকেজিং প্রতিষ্ঠান-কোনো কিছুই চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রতিবাদ করলে করা হচ্ছে মারধর, দেওয়া হচ্ছে মামলা। এতে অতিষ্ঠ হয়ে অনেক মাছ ধরার ট্রলার অন্য জেলায় চলে যাচ্ছে। অথচ কোটি কোটি টাকার মাছ কেনাবেচার এই কেন্দ্রের ইজারা প্রদানকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর উত্তর পাড়ে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী এলাকায় অবস্থিত ফিশারিঘাট দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে মাছ খালাস, কেনাবেচা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ১৫ বছরের জন্য লিজ নিয়ে এটি পরিচালনা করছে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এ জন্য ভ্যাট ও আয়করসহ প্রতি বছর প্রায় ৬৫ লাখ টাকা ভাড়া দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নবাব খান। তার অনুসারীরা প্রতিদিন দেড় লাখ টাকার বেশি আদায় করছেন। সেই হিসাবে মাসে আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় অর্ধকোটি টাকা। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেনের নাম ব্যবহার করেও চলছে এসব কর্মকাণ্ড।

বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মৎস্যজীবীদের সহায়তার জন্য এই অবতরণ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। কিন্তু প্রশাসনের অসহযোগিতায় এটি এখন চাঁদাবাজদের নিয়ন্ত্রণে। প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারাও হামলা থেকে রেহাই পাচ্ছেন না। সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।’

তিনি আরও বলেন, সাগর থেকে মাছ নিয়ে আসা ট্রলার, মাছ পরিবহণের ট্রাক, ছোট দোকান ও প্যাকেজিং প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। চাঁদাবাজদের অত্যাচারে অনেক ট্রলার এখন আর ফিশারিঘাটে ভিড়ছে না। সেগুলো বাঁশখালী, কক্সবাজার ও পটুয়াখালীর মহিপুরসহ বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। বাজারটি বন্ধ হয়ে গেলে ২০ থেকে ৩০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বেন।

চাঁদার চাপে ব্যাহত বাজারের কার্যক্রম : সরেজমিন দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই ফিশারিঘাটে হাজারো মানুষের ভিড় জমে। বেলা ১২টা পর্যন্ত চলে মাছ কেনাবেচা। নগরীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররাও এখানে আসেন। মিঠাপানির মাছও বিক্রি হয় এ বাজারে। পাইকাররা মাছ কিনে বরফ দিয়ে সংরক্ষণ করেন। পরে ট্রাকসহ বিভিন্ন পরিবহণে এসব মাছ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। প্রতিদিন শতকোটি টাকার মাছ কেনাবেচা হয় এখানে।

একাধিক আড়তদার জানান, মাছ ধরার মৌসুম চললেও চাঁদাবাজির কারণে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক, স্থানীয় সংসদ-সদস্য, জেলা প্রশাসন এবং বন্দর কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার মেলেনি। তাদের অভিযোগ, গত দুই বছর ধরে নবাব খান ও তার অনুসারীরা সাবেক মেয়রের নাম ব্যবহার করে বাজারে প্রভাব বিস্তার ও চাঁদাবাজি করছেন।

হামলার শিকার সমিতির কর্মকর্তারা : সূত্র জানায়, ১৪ মে নগরীর পাথরঘাটা ইকবাল রোডে মৎস্যজীবী সমবায় সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়। এর দুদিন পর, ১৬ মে মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা ও জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির কর্মকর্তারা। এ সময় সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্মকর্তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় বিএনপি নেতা নবাব খানের দুই ছেলেসহ আটজনের নাম উল্লেখ করে আরও ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করেই অভিযুক্তরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

নীরব বন্দর কর্তৃপক্ষ : ২০১৪ সালে বাকলিয়া থানার রাজাখালী ও চাক্তাই খালের মধ্যবর্তী প্রায় চার একর জায়গায় মৎস্য অবতরণ কেন্দ্র ও ঘাট নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরের নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়। ২০১৫ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ১৫ বছরের জন্য কেন্দ্রটি লিজ দেওয়া হয়। এ জন্য প্রতিবছর ভ্যাট ও ট্যাক্সসহ প্রায় ৬৫ লাখ টাকা ভাড়া দেয় সমিতি।

সমিতির অভিযোগ, ২০২৪ সালের আগস্ট থেকে কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু হলে বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে মৎস্য অবতরণ কেন্দ্রে উচ্ছেদ অভিযান চালানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এরপর বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে এ বিষয়ে উচ্চ আদালতে শুনানি চলছে।’

অভিযোগ অস্বীকার নবাব খানের : চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মোহাম্মদ নবাব খান বলেন, ‘ফিশারিঘাটের জায়গাটি আজিজুল্লাহ ওয়াকফ এস্টেটের। তারা তাদের কেয়ারটেকার দিয়ে বাজারের টাকা আদায় করছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে আমাদের ঘাটের টাকা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেই টাকা তুলে করপোরেশনকে বুঝিয়ে দিচ্ছি। আমি কোনো মোতাওয়াল্লি নই। কেবল তাদের সহযোগিতা করছি।’