খুলনায় একের পর এক গুলির ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. হালিম (৪৫) নিহত হয়েছেন।
এ ছাড়া রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। নগরীর দুটি বাড়ি, একটি রেস্টুরেন্ট, আড়ংঘাটার একটি দোকান এবং ফুলবাড়ীগেট এলাকায় গুলির খবর পাওয়া গেছে। তবে ফুলবাড়ীগেটের ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হালিম। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
হাসপাতালে হালিমের স্বজনরা জানান, কল্পতরু মার্কেট এলাকায় প্রথমে পেছন থেকে হালিমকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা কাছে গিয়ে ফের গুলি চালায়।
তাদের দাবি, হালিমকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে চারটি তার মাথা ও বুকে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হালিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এসআরবি ইউনিটের এফএস সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ৩-৪ জনের সঙ্গে সাঈদ শিকদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কারা এবং কী কারণে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
মঙ্গলবার দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি।
এদিকে, চাঁদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চালু হয় নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল।
মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় দোকানের ভেতরে ১০-১২ জন অবস্থান করছিলেন। তাদের কয়েকজন ক্যারম খেলছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মঙ্গলবার রাত ৮টার পর নগরীর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে গুলির কোনো খোসা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরও সন্ধান মেলেনি। স্থানীয় কেউ কেউ টায়ার ফাটার মতো শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। সেটি আসলে গুলির শব্দ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানতে পুলিশ কাজ করছে।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলায় ৮১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মহানগরীতে ৪১ জন এবং জেলার অন্যান্য এলাকায় ৪০ জন রয়েছেন।