ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মেয়েকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একটি পা হারিয়েছেন আলম মিয়া (৬৫) নামের এক কুয়েত প্রবাসী। গত শনিবার রাতে মেয়ের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলার খবর পেয়ে সেখানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি পা কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে পরিবার। আহত আলম মিয়া রাজেন্দ্রপুর নোয়াদ্দা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তার ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা ওরফে পায়েল, থানা ছাত্রদলের সদস্য নিরব, শওকতসহ ২০ থেকে ৩০ জনের একটি দল আলম মিয়ার জামাতা হাজী নূরে আলমের বাড়িটিতে হামলা চালায়।
এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পাঁচ কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তারা। এ ছাড়া হাজী নূরে আলম ও তার দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে গুলির হাত থেকে রক্ষা পান তারা।
হাজী নূরে আলমের স্ত্রী পারভীন বেগম জানালেন, হামলার খবর পেয়ে তার বাবা আলম মিয়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পথে ছাত্রদল নেতা আবির মোল্লা (পায়েল) তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে দুইটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলেন।
কান্নাজড়িত কণ্ঠে পারভীন বেগম বললেন, ‘আমার বাবা একজন সাধারণ মানুষ। তিনি দীর্ঘদিন কুয়েতে ছিলেন। আমার বিপদে ছুটে এসেছিলেন। তার কী অপরাধ ছিল? কেন তাকে সারাজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো? আল্লাহ একদিন এই ঘটনার বিচার করবেন।’
হাজী নূরে আলমের ছেলে লিউন বলেন, ‘আমার নানা প্রায় ৩০ বছর ধরে কুয়েতে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার কী অপরাধ ছিল যে একটি পা হারাতে হলো? আমরা সরকারের কাছে এ ঘটনায় জড়িতদের বিচার চাই।’
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে রাজেন্দ্রপুরে তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী নূরে আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা দুটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লার (পায়েল) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবার কোনো মামলা দায়ের করেনি। তারা মামলা দায়ের করতে আসলে অবশ্যই থানায় মামলা নেওয়া হবে।