Image description

কোনো দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনের কি স্বাগতিক দেশে আশ্রিত নিজ দেশের কোনো অপরাধীকে গ্রেপ্তারের এখতিয়ার বা অবকাঠামো থাকে? বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের কোনো নজির কি আছে? ‘যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে’–এটা কি নিছক রাজনৈতিক বক্তব্য?

প্রশ্নগুলোর উত্তরে খোঁজার আগে প্রেক্ষাপটটি দেখে নেওয়া যাক। আজ মঙ্গলবার ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সকালে তোপখানা রোডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সরকারের আমন্ত্রণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা কূটনীতিকদের দেশে চলমান রাজনৈতিক অস্থিরতাসহ সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির।

ব্রিফিংয়ে যখন সন্ত্রাসীদের (শেখ হাসিনা ও আওয়ামী লীগ) নিয়ে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা বিদেশি কূটনীতিকদের জানানো হচ্ছিল, তখন বার্তা সংস্থা রয়টার্সে খবর প্রকাশ হয়–১৬ ডিসেম্বর দেশে ফিরতে রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিং শেষে এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে হুমায়ুন কবিরের কাছে জানতে চান সাংবাদিকরা। উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “তিনি (শেখ হা‌সিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (শেখ হা‌সিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’’ তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, এই সন্ত্রাসী গোষ্ঠী (আওয়ামী লীগ) নিয়ে সরকারের কঠোর অবস্থানের প্রতি কূটনীতিকদের সায় আছে।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘স্টান্টবাজি’ (ভাঁওতা) হিসেবে মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, “শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের সাথে চুক্তি অনুযায়ী ফেরত পেতে আলোচনা চলছে।” এ পর্যায়ে তিনি উল্লেখ করেন, “সারা বিশ্বে বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনোটিতে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।”

এখানেই প্রশ্ন বিশ্লেষক ও সচেতন মানুষের–আসলেই ভিন দেশে থাকা কোনো দেশের অ্যাম্বাসি কিংবা মিশনের কি কাউকে গ্রেপ্তার, হাতকড়া পরানো কিংবা বিচারিক হেফাজতে নেওয়ার এখতিয়ার অথবা অবকাঠামো থাকে?

এর উত্তরে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এক কথায় বলছেন–না, এমন কোনো সুযোগ নেই।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী বিদেশের মাটিতে অবস্থিত একটি কূটনৈতিক মিশন প্রাঙ্গণ সুরক্ষিত হলেও কোনো কূটনৈতিক মিশনের কোনো নাগরিককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার, হাতকড়া পরানো কিংবা বিচারিক হেফাজতে নেওয়ার মতো কোনো আইনি এখতিয়ার বা অবকাঠামোগত ক্ষমতা থাকে না। মিশন কর্তৃপক্ষের প্রাঙ্গণের অভ্যন্তরে কোনো ব্যক্তিকে বড়জোর সাময়িকভাবে আটকে রাখার সুযোগ থাকলেও মিশন মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রমের জন্য নিয়োজিত; এটি কোনো থানা বা বন্দিশালা নয়।

প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে অন্তত তিনজন সাবেক কূটনীতিক ও শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে চরচাকে বলেন, বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে বিদেশের কোনো কূটনৈতিক মিশন থেকে কাউকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার কোনো নজির বা উদাহরণ নেই। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও জাতিসংঘ কার্যালয়ে আশ্রিত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক তুলে নেওয়ার মতো রাজনৈতিক সংঘাতের ব্যতিক্রমী ঘটনা ছাড়া কূটনৈতিক নিয়মে সরাসরি গ্রেপ্তারের কোনো উদাহরণ দেখা যায় না।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দূতাবাসের চার দেয়ালের ভেতরের অংশকে সাধারণ অর্থে ‘স্মল টেরিটরি’ বা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ‘মিনি বাংলাদেশ’ বলা যেতে পারে। তাই বলে বিদেশের মাটিতে একটি কূটনৈতিক মিশনের আইন অনুযায়ী পুলিশি পন্থায় কাউকে গ্রেপ্তারের কিংবা বিচার বিভাগীয় হেফাজতে রাখার কোনো এখতিয়ার বা ব্যবস্থা থাকে না।

সাংবাদিকদের কাছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তারের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনকে ‘বাংলাদেশের ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে হাসিনা এসব মিশনের যেকোনোটিতে গেলেও তাকে গ্রেপ্তার করা হবে।”

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, একসময় আন্তর্জাতিক আইনে এই বিষয়টি এক্সট্রাটেরিটোরিয়ালিটি বা ভূখণ্ডের বাইরে অবস্থানের কাল্পনিক ধারণা দিয়ে ব্যাখ্যা করা হতো। আধুনিক আন্তর্জাতিক আইনে এই ধারণা প্রত্যাখ্যাত।

ইউএন সেক্রেটারি জেনারেলস রিপোর্ট: কোয়েশ্চেন অব ডিপ্লোমেটিক অ্যাসাইলাম, ১৯৭৫ এ ক্ষেত্রে আমলযোগ্য। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের প্রাঙ্গণকে প্রেরক রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে গণ্য করার কোনো আন্তর্জাতিক আইনি নীতি নেই। সেখানে অলঙ্ঘনীয়তার উদ্দেশ্য হলো কূটনৈতিক কার্যক্রমকে সুরক্ষা দেওয়া।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, কূটনৈতিক মিশনের স্থানকে স্বাগতিক দেশের হস্তক্ষেপ থেকে সুরক্ষা দিতে বিশেষ মর্যাদা দেওয়া হয়। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস-এর ২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কূটনৈতিক মিশনের প্রাঙ্গণ সম্পূর্ণ ‘অক্ষত বা অলঙ্ঘনীয়’। স্বাগতিক দেশের (এ ক্ষেত্রে ভারতের) পুলিশ বা কোনো নিরাপত্তা বাহিনী রাষ্ট্রদূতের অনুমতি ছাড়া মিশন প্রাঙ্গণে প্রবেশ করতে পারে না।

কূটনৈতিক বিশ্লেষকরা বরং পাল্টা প্রশ্ন তুলছেন–শেখ হাসিনা কেন ভারতের মিশনে যাবেন? সরকার তো তার পাসপোর্ট, এনআইডি কিংবা ট্রাভেল পাস দেবে না বলে জানিয়েই দিয়েছে।

তারপরও যদি ধরে নেওয়া হয়, শেখ হাসিনা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কিংবা কোনো সহকারী হাইকমিশনে পাসপোর্ট বা আইনি সহায়তার জন্য প্রবেশ করলেন এবং মিশন কর্তৃপক্ষ তাকে ভেতরে আটকে রাখল। সেক্ষেত্রে এটি অবশ্যই ‘জোরপূর্বক আটকে রাখা’ বলেই গণ্য হবে।

তারপরও প্রশ্ন আছে–মিশনে যদি তাকে আটক করাই হয়, সেখান থেকে তাকে বাংলাদেশে আনা হবে কীভাবে? এ প্রশ্ন সামনে এলেই শুরু হবে আসল আইনি ও কূটনৈতিক জটিলতা।

বিশ্লেষকরা বলছেন, দূতাবাস প্রাঙ্গণের বাইরে এক পা ফেললেই তা সম্পূর্ণরূপে ভারতের সার্বভৌম আইন, পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। মিশনে আটকে রাখা কোনো আসামিকে জোরপূর্বক বাংলাদেশে আনতে হলে ভারতের ভূখণ্ড, সড়ক বা বিমানবন্দর ব্যবহার করতেই হবে। স্বাগতিক দেশ ভারতের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশনের সরাসরি লিখিত অনুমতি ও সহযোগিতা ছাড়া কোনো ব্যক্তিকে আন্তর্জাতিক সীমারেখা পার করে বাংলাদেশে নিয়ে আসা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এ ছাড়া বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির ক্ষেত্রে অনুচ্ছেদ ২৫-এ বলা হয়েছে, “বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।”

অর্থাৎ, ভারতের ভূখণ্ডে বাংলাদেশের কোনো মিশনকে বাংলাদেশের পুলিশি এখতিয়ার প্রয়োগের অধিকার দেওয়া হলে তা ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তৈরি করবে। সে ক্ষেত্রে এরই মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল থেকে তিক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

আন্তর্জাতিক সম্পর্ক গবেষক ও সাবেক কূটনীতিকদের মতে, শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরবেন, নাকি দেশে ফেরার ঘোষণা তার রাজনৈতিক কৌশল বা স্টান্টবাজি কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত।

 

একইসঙ্গে ‘হাতকড়া পরিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর’ যে বক্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দিয়েছেন, তার ভিত্তি নিয়েও সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন তলানিতে। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্ট। এ নিয়ে নীরব অবস্থান বা কূটনৈতিক ও অস্বচ্ছ জবাবের মধ্য দিয়ে তারা এক রকম জানিয়েই দিয়েছে যে, এই প্রক্রিয়ায় তারা যাচ্ছে না। আবার এ ক্ষেত্রে উভয় পক্ষে কোনো আলোচনা হয়ে থাকলেও তার কোনো প্রকাশ্য তথ্য নেই কোনো তরফেই। আর প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া হাতকড়া পরিয়ে ফেরত আনাটা সম্ভব নয়। বরং দেশে এনে হাতকড়া পরানো সম্ভব। এ ক্ষেত্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বিতীয় যে ‘কঠোর নজরদারির’ কথা বলেছেন, তা বরং বেশি প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকেরা।

তাহলে কেন এই বক্তব্য?

সার্বিক কূটনৈতিক বাস্তবতা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, “মন্তব্যের (সরকারের কর্তাব্যক্তিদের) মধ্যে দুইটা উপাদান থাকে–একটা রাজনীতি থাকে, একটা কূটনীতি থাকে। দুই দিকেই তাদের কথা বলতে হয়। ওই পর্যায়ের যারা, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ।”

বিশেষজ্ঞরা বরং বলছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ আইনের আশ্রয় লাভের যে অধিকার তার নাগরিকদের দিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে সেটি প্রয়োগ করাই হবে সরকারের জন্য উত্তম পন্থা।

সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে, “বাংলাদেশের প্রত্যেক নাগরিক যেখানেই থাকুন না কেন, আইনের আশ্রয় ও আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার রাখেন।”