Image description

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের সিটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ উপস্থিতির অভিযোগও উঠেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন।

খোঁজ নিয়ে জানা যায়, ৭১৭ নম্বর কক্ষে থাকতেন নাঈম হোসেন। পরবর্তী সময়ে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে তার আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সম্পাদকের পক্ষের কয়েকজন অনুসারী ও সভাপতির অনুসারীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদকের অনুসারী তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতির কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন।

সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি পক্ষের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদকের পক্ষের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে আশ্রয় নেওয়া কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান।

সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে জুলাই-৬ হল প্রভোস্টের সহায়তায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ উপস্থিতির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের একপর্যায়ে বহিরাগত কয়েকজন অস্ত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘রুমের সিট দখলকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সমাজকর্ম বিভাগের ওই সিট নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পক্ষ বলছিল সিটটি তাদের, অন্য পক্ষও একই দাবি করছিল। প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়, পরে কয়েক দফায় মারামারি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বহিরাগত কয়েকজনকে অস্ত্রসহ ক্যাম্পাসে আসতে দেখি। সংঘর্ষের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।’

স্বাধীনতা হলের সহ-সভাপতি তুর মোহাম্মদ মুবতাসিম বলেন, ‘আমি বাইরে গেলে রুমেল হোসেন ও তার অনুসারীরা আমার গায়ে হাত তোলেন। ওই হলে আমার কোনো সিটও নেই। আমি শুধু আমার এক সিনিয়রের সঙ্গে সেখানে গিয়েছিলাম।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে তারা একটি বৈঠকে রয়েছেন। বৈঠকে থাকায় এ মুহূর্তে বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না। বৈঠক শেষে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তারা।

জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা হল প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘আমি বর্তমানে একটি মিটিংয়ে রয়েছি। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। মিটিং শেষে আপনাদের সঙ্গে কথা বলব।’