রাজপথে থাকা দীর্ঘদিনের শরিকদের সঙ্গেও দূরত্ব কমাতে চায় ক্ষমতাসীন বিএনপি। আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ও সংঘাতের আবহ তৈরি হয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বোমা হামলা, যানবাহন সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা নিয়ে সর্বত্র এখন উদ্বেগ-উৎকণ্ঠা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ করা হচ্ছে।
এ অবস্থায় আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগী হচ্ছে বিএনপি। যার মূল লক্ষ্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা, পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানো। বিএনপি’র হয়ে মাঠের শরিকদের সঙ্গে একসময় নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের প্রেসিডেন্ট, তাই দলীয় কর্মকাণ্ড থেকে স্বভাবতই তিনি এখন দূরে। নজরুল ইসলাম খান বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তিনিও সেভাবে আর শরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন না।
বিএনপি সরকার গঠনের পাঁচ মাসের মাথায় গত ২০শে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেন তারেক রহমান। ওই বৈঠকে কয়েকজন নেতা সরকার পরিচালনায় তাদের মতামত না নেয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ না পাওয়া এবং যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন।
গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ভোটের পর থেকেই দলটির সঙ্গে সাবেক আন্দোলনসঙ্গী, শরিক এবং সমমনা দলগুলোর সম্পর্কের টানাপড়েন ও দূরত্বের বিষয়টি রাজনীতির অন্দরমহলে আলোচিত হচ্ছে। বিশেষ করে ক্ষমতায় আসার কয়েক মাসের মাথায় রাজপথের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের অনেকে বিএনপি’র বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোসহ সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ তুলছেন তারা।
মাঠের শরিকদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিএনপি’র সঙ্গে ক্রমশই আমাদের দূরত্ব বাড়ছে বলে মনে হচ্ছে। তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে রেইনবো নেশন গঠন করবে, জাতীয় সরকার গঠন করবে- এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই উদ্যোগ আর তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে।
শরিকদের অভিযোগ, যারা রাজপথের আন্দোলনে সঙ্গী ছিলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং রাজনীতির কঠিন সময়ে পাশে থেকেছেন বছরের পর বছর, এখন ক্ষমতার পালাবদলের পর সেই সহযাত্রীদের বিএনপি ভুলে যেতে বসেছে। তারা বলছেন, সরকার গঠনের পর বিএনপি’র সঙ্গে একসময়কার মাঠের শরিকদের যোগাযোগ আর আগের মতো নেই। ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিরও অনেক কিছুই বাস্তবায়িত হয়নি বলেও তারা অভিযোগ করে আসছেন।
বিশেষ করে পুরনো ২০ দলীয় জোটের শরিকদের অনেকটা পাশে সরিয়ে রেখে যুগপৎ আন্দোলনের নতুন মিত্রদের বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে নেতাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত পুরনো শরিকদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সঙ্গে ক্ষমতাসীনদের দূরত্ব। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ ও গঠন নিয়ে বিএনপি এবং বিরোধী দলগুলোর অবস্থান এখন দুই মেরুতে।
এ অবস্থার মধ্যে সোমবার দুপুরে এনসিপি’র তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। গত ১৮ই নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সমাপনী ভাষণে তিনি আওয়ামী লীগকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।
হঠাৎ দেশ জুড়ে চলতে থাকা নাশকতা, অস্থিতিশীলতার আশঙ্কা এবং সংস্কার ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে নতুন করে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর নয়া এই উদ্যোগে সেখানে আলোর পথ দেখাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই উদ্যোগ রাজনৈতিক সহযাত্রীদের সঙ্গে বিএনপি’র দূরত্ব কমানোর জন্য কতোটা কার্যকর হবে, তা নিয়েও সংশয় রয়েছে।