Image description

নতুন ধরনের রাজনীতি করার আশায় যোগ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। প্রত্যাশার প্রতিফলন না পেয়ে শেষ পর্যন্ত দল ছাড়লেন চুনারুঘাটের ৫ নেতা। গত তিন দিনে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সুবেল মিয়া, সদস্য শাহ আলম ও মো. মমিন মিয়া।

ভিডিও বার্তায় তারা পদত্যাগের পেছনে একাধিক কারণ তুলে ধরেন।

তাদের ভাষ্য, আদর্শিক বিচ্যুতি, সাংগঠনিক অনিয়ম, কোরামবাজি এবং নীতিগত অবস্থান থেকে সরে আসার কারণেই তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে হবিগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেন ক্রীড়া সম্পাদক মো. ফজলুল করিম।

তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক চর্চা ও আদর্শিক রাজনীতির প্রত্যাশা নিয়ে নসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু বাস্তবে দলের ভেতরে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পাচ্ছেন না। বরং পদ-পদবিকেন্দ্রিক রাজনীতিই বেশি প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পদত্যাগকারী নেতারা বলেন, রাজনীতি করতে এসে যদি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা না যায়, তাহলে পদ ধরে রাখার কোনো মানে হয় না।

তাদের মতে, আদর্শ ও নীতির প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করাই রাজনৈতিক সততা ও সাহসিকতা।

 

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা এনসিপির দায়িত্বশীল কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র বলছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে।