Image description

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ দিদারুল আলম নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও সহযোগীরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার দুদিন হতে চললেও ওই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন।

ছিনিয়ে নেওয়া আসামি দিদারুল আলম কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার জাকের আহমদের ছেলে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

রামু থানা পুলিশ জানায়, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় (মামলা নম্বর ১১৪/১১) সাজাপ্রাপ্ত দিদারুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিন দিদারুল আলমের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।

এসআই মোহাম্মদ আনোয়ার বলেন, দিদারুল আলমকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য, সন্তানসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার চশমা ভেঙে যায়। এ সময় এএসআই বোরহান উদ্দিনকেও টানাহেঁচড়া করা হয়। পরে হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ দিদারুল আলমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ওসি এ কে ফজলুল হক বলেন, দিদারুল আলমের পাশাপাশি তার ভাইয়ের বিরুদ্ধেও বন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানান তিনি।