ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অরাজকতা মোকাবিলায় বিএনপির সঙ্গে এক কাতারে মাঠে নামতে চায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান আশা করছে তারা।
চলতি সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তির প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন। বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে।
জামায়াত নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান এলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান তাতে ইতিবাচক সাড়া দেবেন।
গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জাতীয় ঐক্যের কথা বললেও জামায়াত-এনসিপি জোটের পক্ষ থেকে তাতে খুব একটা সাড়া মেলেনি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য সেলিমা রহমান টাইমসকে বলেন, ‘প্রধানমন্ত্রী তো সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আসছেন। চলতি সংসদ অধিবেশনেও হয়তো তিনি সেই আহ্বান জানাতে পারেন।’
আওয়ামী লীগ ঠেকাতে জাতীয় ঐক্য গড়তে প্রকাশ্যে নানা শর্তের কথা বললেও ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি ডিসেম্বরে মাঠের কর্মসূচিতে থাকার সিদ্ধান্ত নিচ্ছে জামায়াত-এনসিপি জোট। দল দুটির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতের নায়েবে আমির ও সংসদে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের টাইমসকে বলেন, ‘আওয়ামী লীগ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ ক্ষমতায় রয়েছে তার দল।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী দলটির অপতৎপরতা রুখে দেবে, এটাই স্বাভাবিক। তবে শুধু প্রশাসন নয়, ফ্যাসিস্টবিরোধী শক্তিগুলোও আওয়ামী লীগের পুনরুত্থানের বীজ বপনের সুযোগ দেবে না।’
গত কয়েকদিনে আওয়ামী লীগের তৎপরতা, বিশেষ করে গোপালগঞ্জে সংঘাত-সহিংসতা, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ঐক্যের প্রয়োজনীয়তা সামনে এসেছে।
এসব ঘটনার পর সরকার যেমন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিতে শুরু করেছে, তেমনি মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।
দলটির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি টাইমসকে বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হয়েছে। ফ্যাসিস্ট দলটির অপচেষ্টা ফের রুখতে সরকারের সর্বোচ্চ কঠোরতার পাশাপাশি বিএনপিও সর্বশক্তি দিয়ে মাঠে থাকবে।’
অবশ্য জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের শর্ত সামনে এনেছে জামায়াত-এনসিপির ১১ দলীয় জোট।
রোববার জোটের বৈঠক শেষে সমন্বয়ক ও জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনে বলেন, ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে। এ জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
তবে সংবাদ সম্মেলন শেষে ১১ দলীয় জোটের একাধিক নেতার সঙ্গে আলাপে জানা গেছে, প্রকাশ্যে শর্তের কথা বললেও আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় তারা মাঠের কর্মসূচি থেকে পিছিয়ে আসছেন না।
তারা বলছেন, সরকারকে তাদের দাবি মানাতে কৌশল থাকবে। কিন্তু আওয়ামী লীগ ফিরলে তাদের পরিণতির বিষয়টিও মাথায় রয়েছে।
তিন দলেই মাঠের কর্মসূচির ভাবনা
বিএনপি ডিসেম্বরে আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিতে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সতর্কভাবে মাঠে থাকতে নির্দেশ দিয়েছে দলটির হাইকমাণ্ড। দলের নেতাকর্মীরা ইতোমধ্যে কেন্দ্রের নির্দেশে মাঠের কর্মসূচি পালন করছে।
এদিকে, জাতীয় ঐক্যের বিষয়ে শর্ত থাকলেও আওয়ামী লীগ মোকাবিলায় জামায়াত ও এনসিপি পৃথক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ১১ দলীয় জোটের ব্যানারেও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হলে বা পেরে না উঠলে তারা অবশ্যই মাঠে নামবেন। সে ক্ষেত্রে কর্মসূচিও থাকবে।’
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও মাঠে থাকবে। দলটির সদস্য সচিব সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। তবে এ বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে অবশ্যই জুলাইয়ের জনআকাঙ্খা পূরণ করতে হবে।’
কঠোর হচ্ছে সরকার
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের তৎপরতা নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের পরিস্থিতি সরকার ও বিরোধী দলকে ভাবিয়ে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন এনেছে। রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে তার স্থলে জি এম সরফরাজকে পদায়ন করা হয়েছে।
একইভাবে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করে প্রত্যুষ কুমার মজুমদারকে নতুন পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এসব পদক্ষেপের মধ্য দিয়ে নাশকতা ও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা ঠেকাতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনে কঠোর অবস্থানের প্রমাণ মিলছে।