রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও বেশ ‘অভিজাত’। এসব বিদ্যালয়ের রয়েছে বহুতল ভবন, আধুনিক অবকাঠামো আর খেলার মাঠ। কিন্তু এসব বিদ্যালয়ের একটিও সন্তোষজনক শিক্ষার মানদণ্ড পূরণ করতে পারেনি।
গত ফেব্রুয়ারিতে পরিদর্শন করা গুলশান এলাকার ১১টি বিদ্যালয়ের সবকটিই সন্তোষজনক মান অর্জনে ব্যর্থ হয়েছে। এর মধ্যে পাঁচটির মান ‘খারাপ’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে, আর বাকি ছয়টি বিদ্যালয়ের শিক্ষার মানকে বলা হয়েছে মোটামুটি বা ‘মাঝারি’। এই মূল্যায়ন বিদ্যালয়ের ভৌত সুযোগ-সুবিধার সঙ্গে শিক্ষার মানের এক তীব্র বৈপরীত্যকে ফুটিয়ে তুলেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের এই ফলাফল সরকারি প্রাথমিক শিক্ষার একটি বৃহত্তর সংকটকেই ফুটিয়ে তোলে। বড় আকারে পরিদর্শনের এক প্রতিবেদনে দেখা গেছে, নয় মাসে ২৫টি জেলার ৭ হাজার ৮৭৩টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৩ দশমিক ৩৮ শতাংশ বিদ্যালয় সন্তোষজনক শিক্ষার মান অর্জন করতে পেরেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট চলতি মাসের শুরুতে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে ১ হাজার ৫৩টি বিদ্যালয়কে সন্তোষজনক পারফরম্যান্সের জন্য ‘এ’ গ্রেড দেওয়া হয়েছে। মাঝারি মাত্রার গ্রহণযোগ্য পারফরম্যান্সের জন্য আরও ৩ হাজার ৫৯৪টি বা ৪৫ দশমিক ৬৬ শতাংশ বিদ্যালয়কে দেওয়া হয় ‘বি’ গ্রেড। আর ৩ হাজার ২২৬টি বা ৪১ শতাংশ বিদ্যালয় পেয়েছে ‘সি’ গ্রেড, যা অত্যন্ত নিম্নমানের শিক্ষার নির্দেশক।
সব মিলিয়ে, পরিদর্শন করা বিদ্যালয়গুলোর ছিয়াশি শতাংশেরও বেশি জায়গাতেই শিক্ষার মান সন্তোষজনক স্তরের নিচে রয়েছে। পরিদর্শনকালে কর্মকর্তারা শ্রেণিকক্ষে ইতোমধ্যে পড়ানো হয়েছে এমন অধ্যায়ের অংশবিশেষ থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন করেন।
শিক্ষার্থীদের সঠিক উচ্চারণে বাংলা ও ইংরেজি পাঠ্যবই জোরে পড়তে বলা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গাণিতিক সমস্যার সমাধান করতে বলা হয়। যেসব বিদ্যালয়ের অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা প্রদর্শন করতে পেরেছে, সেগুলোকে ‘এ’ গ্রেডে রাখা হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতার হার ছিল ৬১ থেকে ৮০ শতাংশ, সেগুলোকে ‘বি’ গ্রেড দেওয়া হয়েছে। আর ৬০ শতাংশের কম দক্ষতা দেখানো বিদ্যালয়গুলোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক শিক্ষায় মান কমে যাওয়া নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই তথ্যগুলো সামনে এসেছে। এর ফলে যেসব অভিভাবকের আর্থিক সামর্থ্য রয়েছে, তারা তাদের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন।
আগের বছরের পরিদর্শনে আরও বেশি অন্ধকার চিত্র ফুটে উঠেছিল। ২১ জেলায় পরিদর্শন করা ৩ হাজার ৫৬০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৬০টি বা ১ দশমিক ৭ শতাংশ বিদ্যালয় ‘এ’ গ্রেড অর্জন করেছিল। এ ছাড়া ৯০৩টি বা ২৬ দশমিক ৩ শতাংশ বিদ্যালয় পেয়েছিল ‘বি’ গ্রেড এবং ২ হাজার ৫৬৭টি বা ৭২ শতাংশ বিদ্যালয়কে ‘সি’ গ্রেড দেওয়া হয়েছিল।
সর্বশেষ এই প্রতিবেদনটিতে বেশ কয়েকটি জেলার মারাত্মক সব ত্রুটিও উন্মোচিত হয়েছে।
ময়মনসিংহ সদরে পরিদর্শন করা ৬০টি বিদ্যালয়ের মধ্যে মাত্র একটি বিদ্যালয় সন্তোষজনক শিক্ষার মান অর্জন করতে পেরেছে এবং ৫২টি বিদ্যালয়ের মান অগ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছে। এপ্রিল ও মে মাসে পরিচালিত পরিদর্শনে ঠাকুরগাঁও সদরের আটটি এবং পঞ্চগড় সদরের ছয়টি বিদ্যালয়ের কোনোটিতেই সন্তোষজনক মান অর্জিত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান প্রাথমিক শিক্ষা উন্নয়নের প্রধান বাধা হিসেবে যোগ্য শিক্ষকের ঘাটতিকে চিহ্নিত করেন। তিনি টাইমসকে জানান, প্রাথমিক শিক্ষার মূল সমস্যা হলো ভালো শিক্ষকের অভাব। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের শিক্ষকতায় নিয়ে আসা এবং পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়াই এখন প্রাথমিক শিক্ষার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত পর্যাপ্ত ক্যাম্পাস, অবকাঠামো এবং খেলার মাঠ থাকে, কিন্তু উপযুক্ত শিক্ষকের অভাবের কারণেই নিম্ন আয়ের পরিবার ছাড়া অন্য কোনো পরিবার তাদের সন্তানদের এসব বিদ্যালয়ে ভর্তি করাতে উৎসাহ পায় না।
শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনেরাও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানো পাঠ যথাযথভাবে আয়ত্ত করার ক্ষেত্রে শিক্ষকদের অমনোযোগিতা, দায়সারা মনোভাব এবং দক্ষতার অভাবকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, অনেক শিক্ষক স্থানীয়ভাবে নানা অনানুষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত থাকেন। অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের একটি বড় অংশ শ্রেণিকক্ষে পাঠদান উন্নত করার চেয়ে বিভিন্ন দাবি আদায় এবং অনলাইন কার্যক্রমে বেশি সময় ও মনোযোগ দেন।
তবে অধ্যাপক মজিবুর রহমান মন্ত্রণালয়ের পরিদর্শন পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তার যুক্তি, আঞ্চলিক বৈচিত্র্য পড়ার দক্ষতাকে প্রভাবিত করতে পারে।
তিনি বলেন, আঞ্চলিক প্রভাব পড়ার ক্ষমতার ওপর প্রভাব ফেলে। দেশের সব অংশের শিশুদের পড়ার দক্ষতা যাচাই করতে একই ভৌগোলিক মাপকাঠি ব্যবহার করা হলে তা স্বচ্ছতা নিশ্চিত করে না। শিশুরা আসলে কী করতে সক্ষম, তা বুঝতে হলে ভৌগোলিক ভিন্নতার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যায়ন মাপকাঠি পরিবর্তন করতে হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের নেতারা শ্রেণিকক্ষে পাঠদান এবং শিক্ষার্থীদের পাঠ আয়ত্ত করার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কয়েকজন শিক্ষক পাঠদানের ওপর পুরোপুরি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরির জন্য প্রশাসনিক ও অতিরিক্ত দায়িত্ব কমানোর দাবি জানান। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, বেশিরভাগ প্রাথমিক শিক্ষককে নিয়মিত প্রতিদিন টানা চার থেকে পাঁচটি ক্লাস নিতে করতে হয়। এটি মাঝে মাঝে তাদের মনোযোগ ও নিষ্ঠাকে ব্যাহত করে। তারা যুক্তি দেন, শিক্ষার মান বাড়াতে হলে পাঠ প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময়, মানসিক বিশ্রামের সুযোগ এবং একটি আনন্দদায়ক শ্রেণিকক্ষ পরিবেশ তৈরি করা জরুরি।
শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে পড়ানোর বাইরেও তাদের নিয়মিত প্রায় ৩০ ধরনের প্রশাসনিক কাজ সামলাতে হয়, যার মধ্যে আছে বিদ্যালয়ের চত্বর পরিষ্কার রাখা। এই ধরনের দায়িত্ব পাঠ প্রস্তুতির সময় কমিয়ে দেয় এবং শিক্ষা কার্যক্রম থেকে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়।
বর্তমানে বাংলাদেশে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে প্রায় ৩ লাখ ৭৩ হাজার। শিক্ষকদের একটি বড় অংশ নারী, যাদের অনেকেই মাতৃত্বকালীন ছুটিতে থাকেন।
এ ছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য শিক্ষকেরা পর্যায়ক্রমে ছুটি নেন। ফলে একটি বিদ্যালয়ে কাগজে-কলমে যতজন শিক্ষক থাকেন, শ্রেণিকক্ষে থাকেন তার চেয়ে কম। আর এই অবস্থা সার্বিক শিখন পরিবেশকে প্রভাবিত করে।
রাজধানীর গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ পারভেজ শিক্ষকদের আর্থিক সংকট নিরসন করার পাশাপাশি মাস্টাররোল ভিত্তিতে হলেও ক্লিনার, নৈশপ্রহরী এবং অফিস সহায়ক নিয়োগের দাবি জানান।
তিনি টাইমসকে বলেন, কিছু বিদ্যালয়ে শিক্ষকেরা নিজেরাই শৌচাগার পরিষ্কার করেন। আবার অন্য কোথাও তারা কম খরচে কর্মী নিয়োগের জন্য নিজেদের মধ্য থেকে চাঁদা সংগ্রহ করে বিদ্যালয় প্রাঙ্গণ ও শৌচাগার পরিষ্কার করান। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। তিনি আধুনিক প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করার এবং শ্রেণিকক্ষ পরিচালনার কার্যকর পদ্ধতির ওপর শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
এদিকে, সরকারি প্রাথমিক শিক্ষার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। রাজশাহী বিভাগের একটি জেলা হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানান, শিক্ষার মান নিয়ে উদ্বেগের কারণে তিনি তার সন্তানকে ঢাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়েছেন।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শ্রেণিকক্ষে আন্তরিকতার সঙ্গে পড়ান না এবং এখানকার শিখন পরিবেশও সন্তোষজনক নয়।
গাইবান্ধা সরকারি কলেজের একজন শিক্ষক তার দুই সন্তানকে রংপুরের দুটি ভিন্ন বেসরকারি স্কুলে পড়াচ্ছেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এড়িয়ে চলার পেছনে অপর্যাপ্ত শৃঙ্খলা ও তদারকি না থাকাকে কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমি অবশ্যই শিক্ষার মানের ওপর গুরুত্ব দিয়েছি। কিন্তু একই সঙ্গে আমার সন্তানদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার এবং খেলাধুলা শেখার সুযোগ পাওয়ার বিষয়গুলোও বিবেচনা করেছি’।