Image description

বাংলার রাজনীতির ইতিহাসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু একটি নাম নয়, তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান। টাঙ্গাইলের সন্তোষের এক সাধারণ কুঁড়েঘর থেকে শুরু করে ঢাকার পল্টন ময়দান কিংবা পিকিংয়ের গ্রেট হল; সর্বত্রই যার বজ্রকণ্ঠে শোষিত মানুষের মুক্তির কথা উচ্চকিত হতো, সেই ‘মজলুম জননেতা’ নিজে কখনো ক্ষমতার মসনদে বসেননি। অর্ধশতাব্দী আগে বিদায় নেওয়া রাজনীতির এই মহিরুহের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনৈতিক পাঠশালা থেকেই বেরিয়ে এসেছেন স্বাধীন বাংলাদেশের একাধিক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং বাম-ডান-মধ্যপন্থি রাজনীতির কান্ডারিরা।

আজ ১৭ নভেম্বর, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুর ৫০ বছর পূর্ণ হয়েছে। মৃত্যুবার্ষিকীতে রাজনীতির এই গুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করছে ক্ষমতাসীন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার শোষিত, নিপীড়িত ও নির্যাতিত জনগণের নেতা। তিনি আজীবন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি ছিলেন একজন আপসহীন নেতা। ক্ষমতার জন্য তিনি রাজনীতি করেননি; বরং ক্ষমতাকে জনগণের কাছাকাছি নিয়ে আসার জন্য লড়াই করেছেন। তার মুখে শুনেছি, তিনি জীবনের ৩৩টি বছর কারাবরণ করেছেন।

তবে ইতিহাসের এক অদ্ভুত পরিহাস হচ্ছে, যে বটবৃক্ষের ছায়ায় বসে এ দেশের রাজনীতির রথী-মহারথীরা পথচলা শিখেছিলেন, সময়ের বিবর্তনে ও মতাদর্শিক টানাপোড়েনে সেই শিষ্যরাই ছড়িয়ে পড়েছেন সম্পূর্ণ বিপরীতমুখী সব রাজনৈতিক মেরুতে। গুরু ভাসানীর সঙ্গে তাদের গভীর হৃদ্যতা, তীব্র মতাদর্শিক সংঘাত এবং পরবর্তী সময়ে কে কোথায় থিতু হলেন তা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কৌতূহলোদ্দীপক অধ্যায়।

কেন বিভক্ত হলেন অনুসারীরা

মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন কোনো প্রচলিত ছকে বাঁধা ছিল না। তিনি একাধারে বিশ্বাস করতেন ইসলামের ‘সাম্যবাদী’ আদর্শে (যাকে তিনি বলতেন ‘রবুবিয়াত’ বা পালনবাদ), মেহনতি কৃষক-শ্রমিকের শ্রেণিসংগ্রামে এবং সাম্রাজ্যবাদবিরোধী আপসহীন জাতীয়তাবাদে। তার এই ত্রিমাত্রিক দর্শনের কারণেই তার অনুসারীরা যে যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাকে গ্রহণ করেছিলেন।

কেউ তার মধ্যে খুঁজে পেয়েছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্নিস্ফুলিঙ্গ, কেউ দেখেছিলেন মাওবাদী বিপ্লবের স্বপ্ন, আবার কেউ আকৃষ্ট হয়েছিলেন তার আধিপত্যবাদবিরোধী অবস্থানের প্রতি। ফলে ভাসানীর জীবদ্দশায় এবং তার মৃত্যুর পর শিষ্যদের পথ আলাদা হয়ে যাওয়াটা ছিল অনিবার্য।

মুজিব ও ভাসানী : স্নেহ বনাম মতাদর্শের লড়াই

বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও আবেগঘন গুরু-শিষ্য সম্পর্ক ছিল মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের। ১৯৪৯ সালে ঢাকার রোজ গার্ডেনে পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় ভাসানী ছিলেন সভাপতি আর তরুণ শেখ মুজিব ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পঞ্চাশের দশকে ভাসানী যখন গ্রামবাংলার মাঠে-ঘাটে জনমত তৈরি করতেন, শেখ মুজিব তখন অক্লান্ত পরিশ্রমে দলকে সাংগঠনিক রূপ দিতেন।

কিন্তু ১৯৫৭ সালে এসে এই দুই নেতার পথ বেঁকে যায়। মূল বিরোধটি ছিল পররাষ্ট্রনীতি ও শ্রেণিসংগ্রাম নিয়ে। ভাসানী ছিলেন জোটনিরপেক্ষ ও মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী পররাষ্ট্রনীতির পক্ষে, অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিব পাকিস্তানের সামরিক জোট (সিয়াটো-সেন্টো) এবং পশ্চিমাঘেঁষা নীতির প্রতি নমনীয় ছিলেন।

কাগমারী সম্মেলনের পর ভাসানী আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ গঠন করেন। তবু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় তারা ছিলেন অটুট। শেখ মুজিব আমৃত্যু ভাসানীকে ‘হুজুর’ বলে পিতৃতুল্য শ্রদ্ধা করতেন, আর ভাসানীও বিপদে-আপদে ‘মুজিব’-এর জন্য ব্যাকুল হতেন। পরবর্তী সময়ে শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদ ও সংসদীয় গণতন্ত্রের পথে হেঁটে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

মস্কো বনাম পিকিং এবং ‘রবুবিয়াত’-এর দ্বন্দ্ব

আওয়ামী লীগ ত্যাগের পর ১৯৫৭ সালে মওলানা ভাসানী যখন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন, তখন তৎকালীন পূর্ব বাংলার প্রগতিশীল ও বামপন্থি তরুণরা তার পতাকাতলে সমবেত হন। কিন্তু ষাটের দশকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন সোভিয়েত (মস্কোপন্থি) এবং চীন (পিকিংপন্থি) এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়লে ভাসানীর শিবিরেও ভাঙন ধরে।

ন্যাপ প্রতিষ্ঠার অন্যতম কারিগর মোজাফফর আহমদ ছিলেন মস্কোপন্থি ধারার অনুসারী। চীনপন্থি বিপ্লবী রাজনীতির প্রতি ভাসানীর ঝুঁকে পড়া এবং আইয়ুব খানের শাসনামলে কিছু কৌশলগত অবস্থানের বিরোধিতা করে ১৯৬৭ সালে তিনি আলাদা দল ন্যাপ (মোজাফফর) গঠন করেন। স্বাধীন বাংলাদেশে তিনি আওয়ামী লীগের মিত্র বামপন্থি ধারার নেতৃত্ব দেন এবং ২০১৯ সালে মারা যান।

ষাট ও সত্তরের দশকে পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) কাজী জাফর আহমদ, রাশেদ খান মেনন ও হায়দার আকবর খান রনো ছিলেন ভাসানীর অত্যন্ত স্নেহভাজন। ভাসানী তাদের সামনে রেখে শ্রমিক-কৃষক আন্দোলন গড়ে তোলেন। তবে এই নেতারা ছিলেন বিশুদ্ধ বস্তুবাদী মার্কসবাদী-লেনিনবাদী, যেখানে ভাসানীর দর্শন ছিল ধর্মীয় সাম্যবাদ বা ‘রবুবিয়াত’। ১৯৭০-এর নির্বাচন বর্জন ও একাত্তরের রণকৌশল নিয়েও তাদের সঙ্গে ভাসানীর টানাপোড়েন চলে।

পরবর্তী সময়ে এই বামপন্থি শিষ্যরাও ভিন্ন ভিন্ন পথে হাঁটেন। কাজী জাফর আহমদ বামপন্থা ছেড়ে জিয়াউর রহমান ও পরে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে দেশের প্রধানমন্ত্রী হন এবং ২০১৫ সালে মারা যান। রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে বাম রাজনীতিতে থেকে যান এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রী হন। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অন্যতম ক্রীড়নক হিসেবে অভিযুক্ত মেনন বর্তমানে কারাবন্দি। অন্যদিকে, হায়দার আকবর খান রনো আমৃত্যু মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে সক্রিয় থেকে ২০২৪ সালে মারা যান।

যাদু মিয়া ও উত্তরসূরিরা

মওলানা ভাসানীর শেষ জীবনের রাজনীতিতে ভারতবিরোধী অবস্থান, বিশেষ করে ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ, তার অনুসারীদের একটি বড় অংশকে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির দিকে ধাবিত করে।

এই ধারার প্রধান কান্ডারি ছিলেন ভাসানীর শেষ জীবনের সবচেয়ে বিশ্বস্ত ডান হাত ও ন্যাপের সাধারণ সম্পাদক মশিউর রহমান যাদু মিয়া। ভাসানী যেখানে ছিলেন আদর্শবাদী ও আন্দোলনমুখী, যাদু মিয়া ছিলেন প্রখর বাস্তববাদী ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিক। ১৯৭৬ সালে ভাসানীর মৃত্যুর পর ১৯৭৮ সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন, তখন যাদু মিয়া ভাসানী ন্যাপের মূল অংশটিকে বিএনপির সঙ্গে একীভূত করেন এবং সরকারের সিনিয়র মন্ত্রী হন। ১৯৭৯ সালে তিনি মারা যান।

ভাসানীর আরেক ঘনিষ্ঠ সহচর সাংবাদিক আনোয়ার জাহিদও পরবর্তী সময়ে জিয়া ও এরশাদ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে মারা যান।

অলি আহাদ ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ন্যাপের সহপ্রতিষ্ঠাতা হলেও ভাসানীর কিছু কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আলাদা হয়ে ডেমোক্রেটিক লীগ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে তার মৃত্যু হয়।

ভাসানীর আরেক অনুসারী ছিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষাটের দশকের শেষভাগে ও উনসত্তরের গণঅভ্যুত্থানের সময়কার বামপন্থি রাজনীতির প্রভাবে তিনি আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হন।

কৃষক আন্দোলন ও সংগ্রামের প্রভাব

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক সংগ্রাম ও মৃত্যুর বহু বছর পরও তার আদর্শ ও প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণকারী আবদুল হামিদ খান তরুণ বয়সে ব্রিটিশবিরোধী, খেলাফত ও অসহযোগ আন্দোলনে যুক্ত হন। আসামে অভিবাসী কৃষকদের বসতি স্থাপন ও জমির অধিকার নিয়ে প্রচলিত নিপীড়নমূলক ‘লাইনপ্রথা’র বিরুদ্ধে তার আপসহীন আন্দোলন তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে দেয়। টাঙ্গাইলের সন্তোষের ভাসানচরে তার কর্মতৎপরতা থেকেই ‘ভাসানী’ নামটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।

১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার পর, ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে তিনি পূর্ববাংলার ন্যায্য দাবি পূরণ না হলে পাকিস্তানকে ‘আসসালামু আলাইকুম’ জানানোর হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর প্রতি গভীর অনাস্থা প্রকাশ করেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে তিনি পূর্ববাংলার মানুষের মুক্তির পথ প্রশস্ত করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি ভারতে আশ্রয় নিয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

১৯৭৬ সালের ১৬ মে তার নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ রাজশাহী থেকে কানসাট পর্যন্ত অভূতপূর্ব জনস্রোত তৈরি করেছিল। অসুস্থ ও ৯০ বছর বয়সের এই নেতার ডাকে হওয়া এই আন্দোলন ছিল প্রতিবেশী রাষ্ট্রের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশের নদী, কৃষি ও পরিবেশ রক্ষার এক অনন্য প্রতিবাদ।

৫০তম মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে ৮৯ সদস্যবিশিষ্ট একটি ‘জাতীয় কমিটি’ গঠন করেছে। এই কমিটির তত্ত্বাবধানে রাজধানী ঢাকাসহ টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, ফাতেহা পাঠ, স্মরণসভা, আলোচনা সভা এবং সেমিনারসহ নানা কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর বাইরেও টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’ ও সেমিনারসহ নানা কর্মসূচি শুরু হয়েছে।

আজও কেন প্রাসঙ্গিক ভাসানী

ভাসানীর মৃত্যুর পাঁচ দশক পেরিয়ে গেলেও তার রাজনৈতিক দর্শন ও সংগ্রামের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি। কৃষক-শ্রমিক ও নিম্নবিত্ত মানুষের অধিকার, ভূমি ও শ্রমের ন্যায্য মজুরি, খাদ্যনিরাপত্তা এবং সম্পদের বৈষম্য দূর করার লড়াইয়ে তার আদর্শ আজও সমানভাবে প্রযোজ্য। পাশাপাশি, জাতীয় সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতিতে স্বাধীন ও সমতার অবস্থান বজায় রাখা এবং ক্ষমতার বাইরে থেকে শাসকের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ভাসানী চিরকাল এক ঐতিহাসিক ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

মওলানা ভাসানীর সমসাময়িক কিংবা প্রথম সারির শিষ্যদের প্রায় সবাই আজ ইতিহাসের পাতায়। তবে ষাট ও সত্তরের দশকে তরুণ ছাত্রনেতা হিসেবে যারা তার সান্নিধ্য পেয়েছিলেন, তাদের মধ্য থেকে রাশেদ খান মেনন এবং অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহর মতো হাতেগোনা কয়েকজন প্রবীণ ব্যক্তিত্বই কেবল কালের সাক্ষী হিসেবে বেঁচে আছেন।

মওলানা ভাসানী নিজে কোনো রাজবংশ বা একক রাজনৈতিক দল রেখে যাননি। কিন্তু তার শিষ্যরা যেভাবে ডান, বাম ও মধ্যপন্থি সব শিবিরে ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন এবং তার শোষণবিরোধী সংগ্রামী চেতনা আজও এ দেশের মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণা হয়ে আছে, তাতে প্রমাণিত হয় মওলানা ভাসানী ছিলেন এ দেশের রাজনীতির এক অনিবার্য ও অপ্রতিদ্বন্দ্বী ‘পিতামহ’।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর মূল্যায়ন

অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত না হলেও তার জ্ঞানের পরিধি ছিল অসাধারণ। তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তিনি বুঝতে পারতেন, রাজনীতির আকাশে কোন দিক থেকে ঝড় আসছে। সেই উপলব্ধি থেকেই তিনি জনগণকে আন্দোলনের ডাক দিতেন। জনগণের মনের স্পন্দন তিনি বুঝতে পারতেন। তিনি জনগণকে ভালোবাসতেন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন।

মওলানা ভাসানী মাটির ঘরে বসবাস করতেন। সাধারণ লুঙ্গি ও পাঞ্জাবি পরে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কোনো ধরনের বিলাসিতা ও আড়ম্বর তিনি পছন্দ করতেন না। তার এই সাদাসিধে জীবনযাপন ছিল সাধারণ মানুষের জীবনযাত্রারই প্রতিফলন। এ কারণেই নিপীড়িত, শোষিত এবং সবদিক থেকে দুর্বল ও ক্ষমতাহীন মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব।

আপসহীন এই নেতা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। জনগণকে সচেতন ও সংগঠিত করেছেন। তার সবচেয়ে বড় অবদান হচ্ছে জাতীয় রাজনীতির সঙ্গে কৃষক আন্দোলনকে যুক্ত করা। তিনি বলতেন, কৃষকরা একটি দেশের জনগোষ্ঠীর প্রধান অংশ। এই মানুষগুলোকে সচেতন ও সংগঠিত করতে না পারলে কোনো জাতীয় আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন কিংবা শোষণবিরোধী আন্দোলন সফল হতে পারে না।

মওলানা ভাসানী বিভিন্ন সময়ে কৃষকদের নিয়ে বিশাল বিশাল সমাবেশ করেছেন। কৃষকদের জীবনকে একটু একটু করে আনন্দময়, সুখী ও শান্তিপূর্ণ করে তোলার জন্য যা যা করা দরকার, তিনি তা করার চেষ্টা করেছেন।

তিনি অন্যায় ও দুর্নীতির সঙ্গে কখনোই আপস করেননি। জনসভায় বক্তব্য কিংবা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি সব সময় জনগণের ভাষায় কথা বলতেন।

তিনি ছিলেন সত্যিকার অর্থেই জনগণের একজন বুদ্ধিজীবী। তিনি বেশ কয়েকটি ভাষা জানতেন ও বুঝতেন। এর মধ্যে বাংলা ছাড়াও উর্দু, আরবি, ফারসি ও ইংরেজি উল্লেখযোগ্য। তিনি এসব ভাষায় চমৎকারভাবে কথা বলতে, বক্তব্য দিতে এবং মানুষকে উজ্জীবিত করতে পারতেন।

মজলুম এই মানুষটি মোটামুটি দীর্ঘায়ু লাভ করেছিলেন। ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শাসন—সবই তিনি দেখেছেন। প্রতিটি পর্যায়েই তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। রাজনৈতিক নেতা, সমাজসংস্কারক এবং শোষণমুক্তির সংগ্রামের নেতা হিসেবে তার ভূমিকা অনন্য। এক্ষেত্রে তার সঙ্গে অন্য কারো তুলনা হয় না।