Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। রাজধানীর কলাবাগান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে দাবি করেন তিনি।

তবে মির্জা আজম আওয়ামী লীগের কোন পদে রয়েছেন তা উল্লেখ করেননি নয়ন। এছাড়া প্রতিবেদনটি লেখার সময় আটক ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয়ও জানা যায়নি।

এছাড়া আটকের সময় পুলিশের ‘একজন ডিআইজি’ ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন নয়ন। পোস্টের শিরোনামে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনাকালে কলাবাগান থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ।’

ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে যুবদল নেতা নয়নকে বলতে শোনা যায়, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে—মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

এ সময় নেতাকর্মীদের আটক ব্যক্তির ওপর ‘হাত না তোলার’ নির্দেশ দেন নয়ন। তিনি বলেন, ‘আমাদের কাজ পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা।’

ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়।

এ ঘটনায় পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা