Image description

লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে দলটির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাদের ওপর এ হামলা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভেন্যুর প্রধান ফটকের সামনে ব্যারিকেডের ভেতরে কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হচ্ছে। তবে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বক্তব্যও দেন। এ সংবর্ধনাকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে বিক্ষোভ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নাহিদ ইসলামের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয় বেসরকারি নিরাপত্তাকর্মী। নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আয়োজকেরা।

গত শুক্রবার যুক্তরাজ্যে পৌঁছান নাহিদ ইসলাম। আয়োজকেরা জানিয়েছেন, সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে।