Image description

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘গ্রিন ক্যাম্পাস’ এবং নগর এলাকায় ‘গ্রিন সিটি’ গড়ে তোলার উদ্যোগ নিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নেও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।শনিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী অডিটোরিয়ামে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. কাজী জিয়াউদ্দিন বাসিত।

অনুষ্ঠানে তিনি সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মেলন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান নিয়ে তাঁকে প্রশ্ন করেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের মতামত শোনেন।

গত ১০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল দেশটিতে যায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিভিন্ন সাইড মিটিংয়েও অংশ নেন তাঁরা। এসব বৈঠকে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় দেশের প্রত্যাশা ও অবস্থান তুলে ধরা হয়। গত ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল দেশে ফিরে আসে।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছিল জানিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থায়ন ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরাদ্দ করা অর্থ কার্যকরভাবে ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, পাখির বাসা স্থাপন, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করে আসছে। কপ-৩১ সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বাস্তবতায় কার্যকর উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রসঙ্গ তুলে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, বিএনপির ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্যে বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গেছেন, তাঁরাও একই ফ্লাইটে গেছেন। একই হোটেলে অবস্থান এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি সেশনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন। সম্মেলনের একটি প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তাঁর পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করেন কাজী জিয়াউদ্দিন বাসিত। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তরুণ নেতৃত্বের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক সহযোগিতা ও তরুণদের দক্ষতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সম্মেলনের একপর্যায়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহীর সঙ্গে ছাত্রদলের দুই প্রতিনিধির বৈঠক হয়েছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে বাংলাদেশের তরুণদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে সংস্থাটির সঙ্গে যোগাযোগ এবং ই-মেইল ঠিকানা বিনিময় করা হয়েছে। শিগগিরই বাংলাদেশে এ প্রকল্প চালুর সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সংগঠনটিতে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাঁদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ এবং দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো যোগ্য মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও তিনি দাবি করেন।