Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দমনে সরকার ও বিরোধী দলের নেতারা প্রকাশ্যে কঠোর অবস্থানের কথা বললেও আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করার পর অনুশোচনাকারী এবং অপরাধে জড়িত নন, এমন ব্যক্তিদের নেতৃত্বে দলটিকে রাজনীতিতে ফেরার সুযোগ দিয়ে দেশের রাজনীতিকে সমঘাতমুক্ত রাখার কথা ও কেউ কেউ বলছেন।

কারও মতে, আওয়ামী লীগকে হয় রাজনৈতিকভাবে দমন করে শেষ করতে হবে, নয়তো দলটির অপরাধীদের বিচার নিশ্চিত করার পর অনুশোচনাকারী ও অপরাধে জড়িত নন, এমন ব্যক্তিদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। অন্যথায় রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে দেশের ক্ষতি হবে।

দলটিকে আপাতত রাজনৈতিক মাঠে নামতে না দেওয়ার প্রশ্নে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা প্রকাশ‍্যে একমত। সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ কর্মীদের নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষেই তারা অবস্থান পরিষ্কার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবদুল লতিফ মাসুম মনে করেন, আওয়ামী লীগকে নিয়ে পুনর্মিলন বা রিকনসিলিয়েশনের সময় এখনো আসেনি। সরকারকে আগে দলটির চলমান জ্বালাও-পোড়াও ও নাশকতা কঠোর হাতে বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিন নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করলে দেশের মানুষ দলটির ব্যাপারে আবার ইতিবাচক হতে পারে। কিন্তু দলটির মধ্যে এখনো সেই অনুশোচনা দেখা যাচ্ছে না। শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় এমন অনুশোচনা ও রাজনৈতিক পরিবর্তন সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’

আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব‍্য নাশকতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দলটির সাম্প্রতিক জ্বালাও-পোড়াও, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা এই উদ্বেগ বাড়িয়েছে।

এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের সহিংস আন্দোলনেও আওয়ামী লীগের নেপথ‍্য ভুমিকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সরকার। এসব ঘটনায় আবার আলোচনায় এসেছে আওয়ামী লীগের রাজনীতি ও দেশের সেথিতিশিলতার বিষয়টি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনার মধ্যে জাতীয় সংসদে টানা দুই দিনের আলোচনায় বিষয়টি গুরুত্ব পায়। বিরোধী দল পরিস্থিতির অবনতি এবং এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। অন্যদিকে সরকারের বক্তব্য, বিচ্ছিন্ন কয়েকটি নাশকতার ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতিকে ভয়াবহ বলার সুযোগ নেই।

 

বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে ঘিরে যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবিলার ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা উসকানি দিচ্ছেন। ফ্যাসিস্ট শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না।

তার ভাষ্য, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হবে। এ জন্য ৫ আগস্টের আগের মতো জাতীয় ঐক্য প্রয়োজন।

সরকারের কঠোর অবস্থানের সঙ্গে প্রকাশ্যে একমত বিএনপির নেতারাও। বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী টাইমসকে বলেন, ‘৭১ এ যুদ্ধ করে দেশ পেয়েছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও যুদ্ধ করে অর্জন করতে হয়েছে। আগামী দিনেও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করেই সামনে এগিয়ে যাব। আওয়ামী লীগের সঙ্গে কোনো রিকনসিলিয়েশনের সুযোগ নেই।’

বিএনপির এই অবস্থানের পক্ষে জামায়াত নেতারা। তবে আওয়ামী লীগ প্রশ্নে সরকারের অবস্থান ও বক্তব্যে ধারাবাহিকতা চান তারা।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল টাইমসকে বলেন, ‘আওয়ামী লীগ ইস্যুতে সরকারের উপদেষ্টারা একেক সময় একেক ধরনের কথা বলে দলটিকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছেন। সরকারকে আগে ঠিক করতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নেবে। আমরা আশা করি, সরকার এ বিষয়ে কঠোর হবে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আওয়ামী লীগের পতনের সময় জাতীয় ঐক্য হয়েছিল। দলটির ফিরে আসা ঠেকাতেও সেই ঐক্য প্রয়োজন। তবে সরকারকে এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

বিএনপি ও জামায়াতের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

এনসিপির সদস্যসচিব ও রংপুরের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘যে দলের একজন কর্মীর মধ্যে এখন পর্যন্ত অনুশোচনা নেই, সেই দলের রাজনীতি করার অধিকার নেই। রিকনসিলিয়েশন তো দূরের কথা, আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।’

কঠোর বক্তব্যের আড়ালে ভিন্ন চিন্তা

বিএনপি এবং জামায়াত নেতাদের প্রকাশ্যে এমন কঠোর অবস্থানের মধ্যেও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সরকার ও বিরোধী দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার ব্যক্তিগত চিন্তায় অবশ‍্য ভিন্নতা রয়েছে।

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগকে হয় রাজনৈতিকভাবে দমন করে শেষ করতে হবে, অন্যথায় দলটির অপরাধীদের বিচার নিশ্চিত করার পর নতুন নেতৃত্ব ও পরিচ্ছন্ন ব্যক্তিদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। তা না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা থেকেই যাবে। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং ভঙ্গুর অর্থনীতি আরও খারাপ অবস্থায় পড়তে পারে।

 

জামায়াতের নির্বাহী পরিষদের একজন সদস্যের মতে, আওয়ামী লীগ ১৭ বছর বিএনপি-জামায়াতকে দমন করে দেশ চালাতে চেয়ে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে দেশের ভালো কিছু হয় না। আওয়ামী লীগের অপরাধ ক্ষমার অযোগ্য হলেও দেশের স্থিতিশীলতা এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বাভাবিক গতি বজায় রাখতে শেখ হাসিনা ও তার মতো অপরাধীদের বাদ দিয়ে দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত।