নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আরও দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে শাকিল হত্যার প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। আটককৃতরা হলো- ধারাবারিষা গ্রামের আল-আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার আনিসুর রহমান (২৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দু’টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দু’জন যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের অনুসারী। নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দু’জনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা পরে জানানো হবে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম (প্রশাসন ও অর্থ) বলেন, শাকিল হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এর আগে একই মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় ২৬শে অক্টোবর রাতে তিনি মারা যান।
এদিকে হত্যার প্রতিবাদ ও এমপি আজিজের পদত্যাগের দাবিতে বনপাড়া বাইপাস চত্বরে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে বড়াই গ্রামের আহমদপুরের এলাকায় এমপি আজিজের নৈতিক স্খলনের ভিডিও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা। অপরদিকে নাটোরে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।