Image description

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ও শোকাহত।তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করা এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।শীর্ষনিউজ