Image description

ঝিনাইদহের শৈলকুপায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, এলাকায় চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের কোনও জায়গা হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) শৈলকুপা উপজেলার দোকান মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনও কর্মী কোনও প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। শৈলকুপাসহ সারা দেশে আমরা তথাকথিত মব জাস্টিস বন্ধ করেছি। যারা ভিন্নমতের আছেন, তাদের বিরুদ্ধে মব জাস্টিস করার সুযোগ দেওয়া হবে না।

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে ভয় দেখিয়ে কিংবা জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপা বাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাজারের আধুনিকায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ভ্যান, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রাচালকেরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সড়ক ও নির্ধারিত রুটে চলাচলের সময় তারা যেন হয়রানি কিংবা চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়া। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।