Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে উদ্ধৃত করে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় নিন্দা জানিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ‘জোবায়দা রহমান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামাত নেতা তাহের’ লেখা একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডটি মিথ্যা ও ভুয়া বলে দাবি করেন জুবায়ের।

তিনি বলেন, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে তাকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ফটোকার্ডটির নিন্দা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট তথ্য ছড়িয়ে সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা করছে একটি পক্ষ। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান জামায়াতের এই নেতা।