গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র দেখানোর বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘আমি সেখানে চুরিও করতে যাই নাই, চাঁদাও চাইতে যাই নাই।’
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দুপুর ২টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়।
ইশরাক জানান, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের বিষয়ে প্রকৃত সত্য জানাতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। এই সংবাদ সম্মেলনেই তার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযান নিয়ে কিছুটা সত্য ও কিছুটা অতিরঞ্জিত সংবাদ প্রচারিত হয়েছে। কিছু সংবাদমাধ্যম ন্যারেটিভ তৈরি করে প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করছে।
বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই এক শ্রেণি অপপ্রচার চালিয়েছে বলে দাবি করেন তিনি।
ইশরাক জানান, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই ওই অভিযানে যোগ দেওয়ার সময় তিনি অস্ত্র বহন করছিলেন। তিনি হুঁশিয়ার করে বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।