চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের রিডিং রুম থেকে বিসিএস প্রস্তুতির চারটি বই চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিক্রি করা বইয়ের ছবি এবং ক্রেতাদের সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
রাকিবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে শহীদ ফরহাদ হোসেন হলে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ আব্দুর রব হল সংসদের রিডিং রুমে থাকা বিসিএস প্রস্তুতির চারটি বই চারজনের কাছে বিক্রি করেছেন রাকিবুল। বইগুলোর মধ্যে রয়েছে খায়রুল ম্যাথ, জর্জ সিরিজের এমপিথ্রি প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ধরলা পাবলিকেশনের বাংলা বই ‘রচনা ও সম্পাদিত’।
মঙ্গলবার রাতে হল সংসদের বাংলা বইটি বিক্রির বিষয়টি সামনে আসার পর বাকি তিনটি বইয়ের ক্রেতারাও শহীদ আব্দুর রব হল সংসদের জিএস মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, ওই ছাত্রদল নেতা তাদের কাছেও তিনটি বই বিক্রি করেছেন। পরে তারা বইগুলো হল সংসদের কাছে ফেরত দিয়ে দেন।
এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের জিএস মনির হোসেন বলেন, ‘আমরা রিডিং রুম থেকে বেশ কিছু বই পাচ্ছিলাম না। আজ হঠাৎ ফেসবুকে হল সংসদের বাংলা বই এক শিক্ষার্থী বিক্রি করার কিছু পোস্ট দেখলাম। পরে আমার কাছে তিন শিক্ষার্থী এসে জানালেন, তাদের কাছে ওই শিক্ষার্থী তিনটি বই বিক্রি করেছেন। পরে তারা বইগুলো রেখে যান।’
নাম প্রকাশ না করার শর্তে রাকিবুলের কাছ থেকে খায়রুল ম্যাথ বইটি কেনা এক শিক্ষার্থী বলেন, ‘আমি ৫০০ টাকা দিয়ে বইটি কিনেছি। যখন তার কাছে জানতে চাইলাম, কেন বিক্রি করছেন, তখন তিনি বলেন, তিনি আর চবিতে পড়াশোনা করবেন না। উচ্চশিক্ষার জন্য জাপান চলে যাবেন। সেখানে তার ভাই আছেন।’
তবে বই চুরি করে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিসিএসের বাংলা বইটি একজনের কাছ থেকে কিনেছিলাম। পরে ওটা বিক্রি করে দিয়েছি।’
তিনি আর কোনো বই বিক্রি করেছেন কি না জানতে চাইলে রাকিবুল বলেন, ‘না, আমি আর কোনো বই বিক্রি করিনি।’ পরে বাকি তিনটি বইয়ে তার নাম এবং সেগুলো বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে একাধিকবার ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।