Image description

বিএনপিকে শিক্ষকবান্ধব ও জনবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার অবসরকালীন ভাতা চালু করেছিল। পরবর্তী সরকার তা বন্ধ করে দেয়। সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরকালীন ভাতার জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর বিএনপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের নিজেদেরই খোঁজ হবে।

বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অঙ্গসংগঠনের পৌর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

 

সভায় বিরামপুর পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।